দূতাবাসে ইমেইলে চাঁদা দাবি, নেপথ্যে ভুয়া গ্রুপ

রাজধানীতে অবস্থিত কয়েকটি দূতাবাস ও সরকারি দপ্তরে ইমেইলের মাধ্যমে চাঁদা দাবি এবং হুমকি দেওয়ার ঘটনাটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সরকারকে বিব্রত করার চেষ্টা বলে মনে করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ইন্টারনেটভিত্তিক একটি ভুয়া গ্রুপ এসব ইমেইল পাঠিয়েছে। বার্তায় বিকাশ নম্বরের মালিকদের মধ্যে তিন-চারজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এ বিষয়ে কিছুই জানতেন না। প্রাথমিকভাবে তদন্তে তাদের নির্দোষ বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
ডিবিপ্রধান আরও জানান, তিন-চারটি বিদেশি দূতাবাসের পাশাপাশি কয়েকটি সরকারি দপ্তরেও একই ধরনের ইমেইল পাঠানো হয়েছে। মূলত দেশের ভাবমূর্তি বিনষ্ট করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজের ইএনটি (নাক, কান, গলা) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের কাছে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি ও তার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে রোগী দেখে বাসায় ফেরার পথে তিনি হামলার শিকার হন।



