logo

শাহজালাল বিমানবন্দরে ভেপসহ দুই দিনে ৩২ লাখ টাকার পণ্য জব্দ

শাহজালাল বিমানবন্দরে ভেপসহ দুই দিনে ৩২ লাখ টাকার পণ্য জব্দ
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিনে চোরাচালান বিরোধী অভিযানে ৯০ পিস ই-সিগারেট বা ভেপসহ প্রায় ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (৬ নভেম্বর) ও শনিবার (৭ নভেম্বর) পৃথক অভিযানে এসব পণ্যের পাশাপাশি ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।

পরবর্তীতে রোববার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে আসা যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। তার ব্যাগেজ থেকে ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দাদের বরাত দিয়ে তিনি জানান, ওই যাত্রীর পাসপোর্টে চলতি বছরের ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার একটি এন্ট্রি রয়েছে। একই বছরে পুনরায় ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবার আনা স্বর্ণালংকার জব্দ করা হয়।

আল-আমিন জানান, শনিবার পৃথক অভিযানে কাতার থেকে আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দারা বলছেন, প্রচলিত চোরাচালানের পণ্যের পাশাপাশি যাত্রীদের ব্যাগেজে ই-সিগারেট বা ভেপ বহনের ঘটনা নতুন করে নজরদারির প্রয়োজনীয়তা সামনে এনেছে। এসব পণ্যের অবৈধ প্রবেশ ঠেকানো, রাজস্ব সুরক্ষা এবং জনস্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিমানবন্দরে নজরদারি জোরদার করা হচ্ছে।