শাহজালালে দুই যাত্রীর অন্তর্বাসে ২৪ কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর পরনের কাপড়ে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট থেকে নামা যাত্রীদের তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করেন প্রিভেন্টিভ টিমের সদস্যরা। একপর্যায়ে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ উপস্থিত হন চেন লিইউন ও মো জিয়াওইউ নামের দুই যাত্রী।
পরে তাদের তল্লাশি করে জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকানো অবস্থায় নরম হলুদ রঙের স্বর্ণের পেস্ট পাওয়া যায়। ভেজা অবস্থায় উদ্ধার করা পেস্টের মোট ওজন ১২ কেজি।
কাস্টমস কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-আমিন জানান, প্রাথমিক পরীক্ষায় উদ্ধার করা স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে। এর বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।
এ ঘটনায় আটক স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তা আল-আমিন।

