চা শিল্পের উন্নয়নে ১২ সদস্যের পর্যবেক্ষণ ও পরামর্শক কমিটি

চা শিল্পের সার্বিক উন্নয়ন, ঋণ সহায়তা এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য বাণিজ্যমন্ত্রীকে সভাপতি করে ১২ সদস্যের একটি পর্যবেক্ষণ ও পরামর্শক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রীকে নবগঠিত এই কমিটির সভাপতি করার পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে কমিটির সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে।
এ ছাড়া কমিটির সদস্যরা হলেন—প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান।
নবগঠিত কমিটি চা বাগানগুলোর বিদ্যমান ঋণ পরিশোধ সহজীকরণের লক্ষ্যে চা বাগান মালিকদের শ্রেণিকৃত (ক্ল্যাসিফাইড) ঋণ পুনর্নির্ধারণ এবং নতুন করে ঋণ প্রদানের বিষয়ে সুপারিশ করবে। একই সঙ্গে চা খাতের উন্নয়নে ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত প্রদান করবে।
এ ছাড়া কমিটি আগামী ৩০ দিনের মধ্যে চাকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা এবং চা বাগানের অব্যবহৃত জমিতে বাণিজ্যিকভাবে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা ও করণীয় সম্পর্কে মতামতসহ একটি প্রতিবেদন উপস্থাপন করবে।
এ ক্ষেত্রে কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে এবং কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ ছাড়া, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



