মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত বা ব্রিফ করবে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথিশালায় এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির কূটনীতিকদের এ ব্রিফিং প্রদান করবেন।
সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ইউএনবি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের এ ব্রিফিংয়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের (পিএমও) মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বৈঠকে এনসিপি নেতারা তাদের বক্তব্য তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা রয়েছে, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও সমান অধিকার নিশ্চিত হবে। আজকের আলোচনায় সেই আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ ঘটেছে।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ এবং বিভিন্ন মত ও পথের মানুষ এক হয়েছিল। তখন কারও রাজনৈতিক আদর্শ কী, তা বিবেচনায় নেওয়া হয়নি। সবাই এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে এক হয়েছিলেন, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা থাকবে এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। আজকের মতবিনিময়েও সেই ঐক্যের প্রতিফলন দেখা গেছে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন। বিশেষ করে দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলোতে সবাইকে একমত হতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের আলোচনায় দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে।’



