logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে চতুর্থ সভা মঙ্গলবার

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে চতুর্থ সভা মঙ্গলবার
নিম্নতম মজুরি বোর্ডের সাইনবোর্ড। ছবি: বিডিনিউজ২৪

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এর আগে সোমবার বিকেলে কোনো সিদ্ধান্ত ছাড়াই শ্রমিক‌দের ন্যূনতম মজুরি নির্ধারণের তৃতীয় বৈঠক শেষ।

বৈঠকে শ্রমিক‌দের ৩২ হাজার টাকা মজুরির দা‌বি‌তে মালিকপক্ষ যে প্রস্তাব ক‌রে‌ছে তার ধা‌রে কা‌ছেও নেই এবং একেবা‌রে অযৌ‌ক্তিক বলে দাবি করেন শ্রমিক প্রতি‌নি‌ধি বাবুল আখতার। তবে আলোচনা এখনো চলমান র‌য়ে‌ছে। সমাধান না হওয়া পর্যন্ত মুলতবি দি‌য়ে এই সভা চালা‌নো হ‌বে ব‌লে ব্রিফিংয়ে জনানো হ‌য়ে‌ছে। ত‌বে মা‌লিক প‌ক্ষের মজুরি প্রস্তাব জানা‌তে চায়‌নি মা‌লিক ও শ্রমিক কোনো পক্ষই।

বিকেল ৪টা ৪০ মি‌নি‌টে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব এবং নতুন মজুরি কাঠামো নির্ধারণের তৃতীয় সভার বির‌তিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানা‌নো হয়।

সভা শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, ‘আমা‌দের সভা চলমান র‌য়ে‌ছে। আজ রা‌তে যতক্ষণ প্রয়োজন হয় আমরা সভা চালা‌ব, প্রয়োজন হ‌লে আজ মুলত‌বি ক‌রে মঙ্গলবার আবার সভা শুরু হ‌বে।’

তিনি আরও বলেন, ‘আমরা শ্রমিক‌দের দৈন‌ন্দিন ব‌্যয় বৃ‌দ্ধি, মূল্যস্ফীতি, বৈশ্বিক বাজা‌রে বাস্তব অবস্থা সবকিছু বিবেচনায় নি‌য়ে আলোচনা ক‌রে‌ছি। মা‌লিক প‌ক্ষের এক‌টি প্রস্তাব দেওয়ার কথা ছি‌ল। তারা সেই প্রস্তাব‌টি দিয়ে‌ছে। কিন্তু আমরা এখনই সেটা আপনা‌দের জানা‌তে চা‌চ্ছি না। কারণ এটি ফাইনাল নয়। এটি নি‌য়ে যে‌হেতু আলোচনা চল‌ছে। তাই আলোচনা শেষ হ‌লে যেটা ফিক্সড হ‌বে আপনা‌দের জনাা‌নো হ‌বে।’

তিনি ব‌লেন, ‘আমি শ্রমিক ভাইদের উদ্দে‌শ্যে বল‌তে চাই, মা‌লিক পক্ষ এক‌টি প্রস্তাব দি‌য়ে‌ছে। সেই প্রস্তাব কোনোভা‌বেই আমা‌দের প্রস্তা‌বের ধা‌রে কা‌ছে নাই। মা‌লিক‌দের প্রস্তাব একেবা‌রেই অগ্রহণযোগ‌্য। ত‌বে যে‌হেতু তারা এখনো আলোচনার টে‌বি‌লে র‌য়ে‌ছেন। তাই বো‌র্ডের সিদ্ধান্ত মে‌নে এখ‌নই তা‌দের প্রস্তাব নি‌য়ে আপনা‌দের কিছু বল‌ছি না।’

গাজীপুরসহ বি‌ভিন্ন স্থা‌নে আজও আন্দোলন চলার প্রেক্ষি‌তে তি‌নি ব‌লেন, ‘আন্দোলন চলমান আছে। আমা‌দের দা‌বি মে‌নে গে‌জেট আকা‌রে প্রকাশ করার পর এ আন্দোলন থাম‌বে।’

বৈঠ‌কে ম‌লিক প‌ক্ষের প্রতি‌নি‌ধি এবিএম সামসু‌দ্দিন ব‌লেন, ‘আমি কোনো বক্তব‌্য দে‌ব না। শুধু বলব, যে হাস প্রতি‌দিন সোনার ডিম দেয়, সেই হাস মে‌রে ফেলা কারও জন‌্য ঠিক হ‌বে না।’

এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব করেন। এতে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছিল।

এ ছাড়া অফিস স্টাফ বা কর্মচারীদের ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল শ্রমিকপক্ষ।

অন্যদিকে, দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য তারা সময় চাইলেও বোর্ড পরবর্তী সভায় লিখিত প্রস্তাব দেওয়ার নির্দেশনা দেয়।

বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি সাড়ে ১২ হাজার টাকা। ২০২৩ সালের নভেম্বরে এ মজুরি কাঠামো ঘোষণা করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। গত ১ নভেম্বর নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ আজাদ সুবহানী।