logo
Advertisement

বাংলাদেশের বিশ্বজয়ী জাকারিয়াকে ছাদখোলা গাড়িতে সংবর্ধনা

এশিয়া পোস্ট প্রতিবেদক
বাংলাদেশের বিশ্বজয়ী জাকারিয়াকে ছাদখোলা গাড়িতে সংবর্ধনা
বিশ্বজয়ী জাকারিয়াকে ছাদখোলা গাড়িতে সংবর্ধনা। ছবি: এশিয়া পোস্ট

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের ৪৩৫ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি। প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল পুরস্কার লাভ করেছেন।

Advertisement

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়। সব কটি ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই কৃতি সন্তান।

আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা আক্ষেপ প্রকাশ করে বলেন, আমি দেখেছি, বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে ভিডিও কলে কথা বলেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, আমরা এমন বিশ্বজয় করার পরও সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো ফোন পাইনি। তবে মাননীয় সংসদ সদস্য হানজালা জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সাহেবের সাথে কথা বলেছেন। অপু সাহেব বলেছেন, শুধু ভিডিও কলে কেন? বিশ্বজয়ী হাফেজদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ দুপুরের লাঞ্চ করবেন।

বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান তার সহপাঠী ও মাদ্রাসার শিক্ষকেরা। বিমানবন্দর থেকে তাকে ছাদখোলা গাড়িতে করে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়।

পাঁচটি পৃথক শাখায় আয়োজিত এ প্রতিযোগিতায় সৌদি আরবসহ আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন। বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ছিল এক কোটি ছাব্বিশ লাখ সৌদি রিয়াল।