logo

আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় সংলাপ সম্ভব নয়: রুমিন ফারহানা

আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় সংলাপ সম্ভব নয়: রুমিন ফারহানা
ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংলাপ আয়োজন করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি মনে করেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে আলোচনা করা সম্ভব হলেও তাকে কোনোভাবেই জাতীয় সংলাপ বলা যাবে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

Advertisement

জাতীয় সংলাপে আওয়ামী লীগের অংশগ্রহণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী দলটির সমর্থক। তার দাবি, দেশে প্রায় ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এমনকি শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও বিভিন্ন জরিপে দলটির সমর্থন ২৫ শতাংশ ছিল বলে উল্লেখ করেন তিনি। এত বড় জনগোষ্ঠীকে বাইরে রেখে জাতীয় সংলাপের উদ্যোগ সফল বা সর্বজনীন হতে পারে না বলে মনে করেন এই সংসদ সদস্য।

আলোচনায় অংশ নেওয়ার আগে আওয়ামী লীগকে অপরাধ স্বীকার কিংবা অনুশোচনা করতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে দলটিকে আলোচনার টেবিলে আনা প্রয়োজন। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে রুমিন বলেন, দলটি ক্ষমা চাইবে কি না, তা তিনি জানেন না। তবে আওয়ামী লীগের জায়গায় থাকলে তিনি ক্ষমা চাইতেন না। তার ভাষ্য, নিজেদের শাসনব্যবস্থার চেয়ে ভালো শাসন অন্য কেউ দিতে পারলে তবেই ক্ষমা চাওয়ার বিষয়টি বিবেচনা করতেন।

তবে আওয়ামী লীগ অপরাধ করেছে কি না, এমন প্রশ্নে তিনি সরাসরি ইতিবাচক উত্তর দেন। তার মতে, দলটির যেসব নেতা বা ব্যক্তি অপরাধ করেছেন, তাদের যথাযথ বিচার হওয়া জরুরি। পাশাপাশি আলোচনার সুযোগ তৈরি করে দলটি নিজেদের অতীত কর্মকাণ্ড নিয়ে অনুতপ্ত কি না, সেটিও যাচাই করা প্রয়োজন।

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজনীতিবিদদের আপাতত অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া তেমন কোনো বিকল্প নেই। সামনের রাজনৈতিক পরিস্থিতি বেশ অনিশ্চিত ও অস্পষ্ট উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, জানুয়ারির মধ্যে অনেক বিষয় পরিষ্কার হতে পারে।

এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ জানান তিনি। ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে নিজের পড়াশোনার অভিজ্ঞতা উল্লেখ করে রুমিন বলেন, বর্তমানে ধর্মীয় পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক মতাদর্শ ও পথের ভিন্নতাও সমাজে বিভাজন এবং সহিংসতার পরিবেশ তৈরি করছে।

রাজনীতিবিদদের পারস্পরিক সম্পর্কের অবনতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এখন রাজনৈতিক নেতারা একে অপরের সঙ্গে বসে চা পান করা তো দূরের কথা, অনেক ক্ষেত্রে পরস্পরের দিকে তাকাতেও চান না। এ ধরনের রাজনৈতিক দূরত্ব ও বৈরিতা দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি।