১০০ টাকার প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ, ফল জানবেন যেভাবে

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ৬ লাখ টাকা। এ ছাড়া দ্বিতীয় থেকে পঞ্চম পুরস্কার পর্যন্ত থাকছে আরও চারটি পুরস্কার।
ড্রয়ের পুরস্কার কাঠামো অনুযায়ী, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকা।
ঘোষিত প্রতিটি বিজয়ী নম্বরের বিপরীতে প্রাইজ বন্ডের প্রতিটি সিরিজ থেকে একটি করে বন্ড পুরস্কারের জন্য নির্বাচিত হবে।
নির্ধারিত ড্রয়ের তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজ বন্ড এ ড্রয়ের আওতায় থাকবে। বিজয়ীদের পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে।
যেভাবে জানা যাবে ড্রয়ের ফল
প্রাইজ বন্ডের ড্রয়ের ফল জানা যাবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট (prizebond.ird.gov.bd) থেকে। এ ছাড়া অ্যান্ড্রয়েড ফোনে PBRIS অ্যাপ ব্যবহার করেও ফল যাচাই করা যাবে। অ্যাপটিতে বন্ড নম্বর লিখে অথবা আপলোড করে বিজয়ী নম্বরের সঙ্গে মিলিয়ে দেখা সম্ভব।
পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত গেজেট বা পিডিএফ এবং পরদিন প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাতেও ড্রয়ের ফল পাওয়া যাবে।
বাংলাদেশে সাধারণত প্রতি বছর চারবার প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত সূচি অনুযায়ী ড্রয়ের তারিখ ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর।
তবে নির্ধারিত তারিখে সাপ্তাহিক ছুটি কিংবা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।


