রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিআরসিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান

রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের পক্ষে আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে (আইসিআরসি) আরও জোরালো ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৫ আগস্ট) আইসিআরসির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক রেজিস সাভিওজের সঙ্গে বৈঠকের সময় এ আহ্বান জানান।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আইসিআরসির দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। সামাজিক সুরক্ষায় সরকারের জনকেন্দ্রিক ও মানবিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে তিনি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার কার্ড’ উদ্যোগের সম্ভাব্য প্রভাব সম্পর্কেও তাকে অবহিত করেন।
নারীদের বিশেষভাবে লক্ষ্য করে ডিজিটাল হয়রানির ঘটনা ক্রমেই বাড়ছে উল্লেখ করে শামা ওবায়েদ উদীয়মান ডিজিটাল হুমকি এবং এর মানবিক পরিণতি মোকাবিলায় আইসিআরসির সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) বিষয়ে ঢাকায় আইসিআরসির একটি আঞ্চলিক বৈঠক আয়োজনের সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাব দেন তিনি।
বৈঠকে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতা এবং রাখাইন রাজ্য থেকে তাদের ব্যাপকভাবে পালিয়ে আসার বিষয়টি স্মরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আজ ওই মর্মান্তিক ঘটনার নবম বার্ষিকী। রোহিঙ্গাদের জন্য আইসিআরসির অব্যাহত সহায়তার প্রশংসা করে তিনি ভবিষ্যতেও সংস্থাটির মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অন্যদিকে, আইসিআরসির সঙ্গে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন আঞ্চলিক পরিচালক রেজিস সাভিওজ। বৈশ্বিক আন্তর্জাতিক মানবিক আইনবিষয়ক কর্মসূচিতে বাংলাদেশের গঠনমূলক অবদানের কথাও স্বীকার করেন তিনি। বিশেষ করে ‘আইএইচএল অ্যান্ড পিস’ ওয়ার্কস্ট্রিমের কো-চেয়ার হিসেবে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন সাভিওজ।
আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে সচেতনতা ও প্রচার, সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা কার্যক্রমসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে আইসিআরসি আগ্রহী বলেও জানান তিনি।



