‘কার্বনডাইঅক্সাইড পয়জনিংয়ের কারণে ওমানে চার ভাইয়ের মৃত্যু’

কার্বনডাইঅক্সাইড গ্যাস পয়জিংয়ের কারণেই ওমানে গাড়িতে একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
মঙ্গলবার (১৯ মে) রাত পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চার ভাইয়ের মরদেহ দেশে পৌঁছে। নিহত চার ভাই হলেন রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, কিছুদিন আগে ওমান থেকে আমরা খবর পেয়েছিলাম—একই পরিবারের চার ভাই একটি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। পরবর্তীতে খবর পেয়েছি কার্বনডাইঅক্সাইড পয়জনিংয়ের কারণেই তারা মারা গেছেন। গাড়ির এয়ার কন্ডিশন ফল্ট-ই যার কারণ ছিল।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে আমরা ওমান দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি। রিয়ার এডমিরাল আজিমের সঙ্গে প্রতিদিনই আমার যোগাযোগ ছিল। এ ধরণের ঘটনায় বেশিরভাগ সময় মরদেহ বাংলাদেশে আনতে আনতে বেশ কিছু দিন পার হয়ে যায়। তবে এইবার চার দিনের মাথায় আমরা নিহতদের সকলকে বাংলাদেশে নিয়ে আসতে পেরেছি।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে হুম্মাম কাদের বলেন, তাদের মাধ্যমে নিহতদের প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এই কষ্টের সময় পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা। আশা করছি, যদি এই রকম ঘটনা আবারও ঘটে, ওনারা একই ধরণের এফোর্ট দিবে।
উল্লেখ্য, গত ১২ মে রাতে ওমানের আল মিলিদ্দা, আল মোছানা স্টেট অব আল বাতিনাহ এলাকায় গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে রাঙ্গুনিয়ার চার ভাইয়ের মৃত্যু হয়।
