কৃষক কার্ড নিয়ে জরুরি নির্দেশনা

বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ প্রদানের লক্ষ্যে জরুরি নির্দেশনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। দেশব্যাপী কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ, যাচাই ও হালনাগাদের কাজ দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে সেই নির্দেশনায়।
ইতোমধ্যে সব উপজেলা কৃষি কর্মকর্তাকে সুষ্ঠু ও নির্ভুলভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি ডিএইর মহাপরিচালক মো. আব্দুর রহিমের সই করা সেই চিঠিতে এ-সংক্রান্ত নির্দেশনা রয়েছে।
চিঠিতে বলা হয়, দেশব্যাপী কৃষক কার্ড প্রদানের অংশ হিসেবে কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সঙ্গে সংগৃহীত তথ্য নিয়মিতভাবে যাচাই ও অনুমোদনের পাশাপাশি তথ্যের সঠিকতা ও পূর্ণতা নিশ্চিত করতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নির্দেশনায় সংশ্লিষ্ট ব্লকগুলোতে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখার সঙ্গে সংগৃহীত তথ্য নিয়মিত যাচাই ও অনুমোদন করতে হবে। সেই সঙ্গে সার ডিলারদের তথ্য বিদ্যমান অ্যাপের মাধ্যমে সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রথম পর্যায়ে যে দুটি ব্লকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে, সেগুলো ছাড়া বাকি দুটি ব্লকের তথ্য রোববারের (২৩ আগস্ট) মধ্যে সংগ্রহ শেষ করতে বলা হয়েছে।
এ ছাড়া আগামী বুধবারের (২৬ আগস্ট) মধ্যে অবশিষ্ট সব ব্লকের তথ্য সংগ্রহ সম্পন্ন করতে বলা হয়েছে নির্দেশনায়।
চিঠিতে আরও বলা হয়, আপাতত শুধু বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিলারদের তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের আওতাধীন সব বিদ্যমান ব্লকের নাম সিস্টেমে সংযুক্ত করতে বলা হয়েছে।
তবে কোনো ব্লক যাতে বাদ না পড়ে, সে বিষয়েও চিঠিতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্লকের আওতাধীন সব মৌজা ও গ্রামের তথ্য যথাযথভাবে ওই ব্লকের সঙ্গে সংযুক্ত করার নির্দেশ রয়েছে।
ডিএইর চিঠিতে বলা হয়, তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদনের প্রতিটি ধাপে তথ্যের নির্ভুলতা ও পূর্ণতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষক কার্ড কার্যক্রমের অংশ হিসেবে কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ, যাচাই ও হালনাগাদের কাজ অব্যাহত থাকবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করে তথ্যভান্ডার সঠিক ও হালনাগাদ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।



