নবম পে-স্কেলের প্রথম ধাপের বরাদ্দ থাকছে বাজেটে

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রথম ধাপের জন্য বরাদ্দ রাখা হচ্ছে। মঙ্গলবার (৯ জুন) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন নবম জাতীয় পে-স্কেল কার্যকর করতে জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সূত্র নিশ্চিত করে জানিয়েছে, নতুন জাতীয় বেতন কমিশনের সুপারিশ আংশিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ জুলাই থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই নতুন পে-স্কেলের আওতাভুক্ত সুপারিশ করা মূল বেতনের ৫০ শতাংশ পাবেন।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটের মোট আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। রাজস্ব ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যার ৪৮ শতাংশ পূরণ হবে বৈদেশিক উৎস থেকে আর অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ৫২ শতাংশ।
থাকছে নতুন কিছু উদ্যোগ
এবারের বাজেটে কিছু নতুন উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু এবং শিক্ষকদের প্রযুক্তিনির্ভর শিক্ষাদান নিশ্চিত করতে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগ।
ঋণ ও আমানতে চার লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফ করা হবে। আগে যা ছিল ৩ লাখ টাকা। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ থাকছে ৩০ শতাংশ। মেট্রোরেলেও ২৮ সাল পর্যন্ত থাকছে ভ্যাট অব্যাহতি।
বাজেটে আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন শিক্ষার্থীরা।
দেশের বাজারে স্বর্ণের প্রতি ভরিতে ভ্যাট বসছে ২ হাজার ৫০০ টাকা। আর নতুন করে দেশীয় মদে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট দিতে হবে।
