উড়াল সড়কে পিকআপ-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে আহত ১৮

গাজীপুরের টঙ্গীর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়ালসড়কে যাত্রীবোঝাই পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি অন্তত ১৮ জন আহত হয়েছেন। যার মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় বিআরটি উড়ালসড়কের বিআরটি লেনে শনিবার (৩০ মে) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে উড়ালসড়কে কয়েক ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।
বেপরোয়াগামী পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ফলে দুটি গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। অপরদিকে ডিভাইডার ক্রস করে আরেক লেনে চলে যায় প্রাইভেটকারটি।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে টঙ্গীর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, পিকআপ ভ্যানের পেছনে থাকা গাইবান্ধাগামী ১৪ জন নারী, শিশু, মধ্যবষয়স্ক, সামনে থাকা চালকসহ ৩ জন এবং প্রাইভেটকারে থাকা তিনজন যাত্রী ও চালক আহত হয়েছেন।
পিকআপ ভ্যানের যাত্রী মোহাম্মদ নাছির এশিয়া পোস্টকে বলেন, পিকআপ ভ্যানে আমরা ১৪ জন যাত্রী ছিলাম। সবাই আমরা ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলাম। আমরা সবাই আহত হয়েছি।
তিনি বলেন, আমরা একেক পরিবারের সদস্য। কিন্তু সবাই একই এলাকায় যাচ্ছিলাম।
আরেক যাত্রী মো. নয়ন ইসলাম এশিয়া পোস্টকে বলেন, একই রোডে দুই সিরিয়ালের এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আরেক পাশ দিয়ে গাড়ি আসছে। আমাদের গাড়িটি ঢাকা থেকে বের হয়ে যাচ্ছিল। পিকআপের সামনে আরেকটি গাড়ি চলে আসে, তখন পিকচালক গাড়িটি কন্ট্রোল করতে গিয়ে প্রাইভেটকারে লাগিয়ে দেয়।
পিকআপের শিশু যাত্রী মনোয়ারুল বলেন, আমি ও বাবা মা, ছোট বোন, দুই চাচাসহ দেশে যাচ্ছিলাম। মাঝেই এক্সিডেন্ট হয়েছে। আমার কোমরে আঘাত পাইছি। কাকার নাক ফেটে গেছে।
আরেক নারী যাত্রী বলেন, আমি অসুস্থ হয়ে গেছি। মাথায় সমস্যা করছে। আমি কথা বলতে পারছি না।
অপরদিকে প্রাইভেটকারের চালক খোরশেদ আলম বলেন, দুর্গাপুর থেকে ঢাকা যাচ্ছিলাম। হঠাৎ পিকআপটি উল্টো লেনে এসে আমাদের প্রাইভেটকারের মুখোমুখি মেরে দিয়েছে। এতে প্রাইভেটকারের সামনের সিটের এক পুরুষ, পেছনে থাকা নারী আহত হয়েছেন। আমার বুকেও ব্যথা পেয়েছি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম এশিয়া পোস্টকে বলেন, প্রাটভেটকারটি বিআরটি লেন দিয়ে ঢাকায় প্রবেশ করছিল। একই লেন দিয়ে পিকআপ ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পরে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
তিনি বলেন, রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
