ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট আমলে ঢালাওভাবে মানহীন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ার ফলে অদক্ষ জনশক্তি তৈরি হয়েছে। বিগত আমলের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। সেই সঙ্গে নানা ধরনের শিক্ষাব্যবস্থাকে একত্র করে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা চালু করা প্রয়োজন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ভোকেশনাল ও কারিগরি শিক্ষাব্যবস্থার ওপর আমাদের আরও জোর দিতে হবে। যাতে দক্ষ জনশক্তি তৈরি করে, বিদেশে জনশক্তি রপ্তানি করে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
তিনি বলেন, আমাদের সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, কর্মসংস্থান ও প্রয়োজন সবকিছু মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা, দক্ষ মানবসম্পদ গঠন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তারা কর্মদক্ষতা ও ফলাফলভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু করা, নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনে জাতীয় প্রয়োজনে বিষয়ভিত্তিক চাহিদা, বিনিয়োগ সক্ষমতা ও গুণগত মানের ভিত্তিতে অনুমোদনে হস্তক্ষেপ কামনা করেন।
এপিইউবিএর প্রতিনিধিদলের সদস্যরা যোগ্য বিশ্ববিদ্যালয়কে পিএইচডি ডিগ্রি, গবেষণা, পেটেন্ট এবং বাণিজ্যিকীকরণের পূর্ণ সুযোগ প্রদান, শিল্প–সংযুক্ত পাঠ্যক্রম, ইন্টার্নশিপ, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস শিপ), বিদেশি ভাষা শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পেশাগত দক্ষতা-এর মাধ্যমে প্রত্যেক গ্র্যাজুয়েটকে কর্মসংস্থান যোগ্য করা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-কে সহায়ক ও উন্নয়নমুখী নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গড়ে তোলা এবং একটি সমন্বিত জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রণয়নে রাষ্ট্রপতির কাছে দাবি জানান।
সাক্ষাৎকালে এপিইউবি চেয়ারম্যান ড. মো. সবুর খান-এর নেতৃত্বে প্রতিনিধি দলে সংগঠনের ভাইস-চেয়ারম্যান বেনজীর আহমেদ ও কে.বি.এম. মঈন উদ্দিন চিশতি, ট্রেজারার কায়ুম রেজা চৌধুরী, এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য আব্দুল কাসেম হায়দার, কাজী জাহেদুল হাসান ও নওশাদ শামসুল আরেফিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


