৩০ জেলায় ৭৫ প্রতিষ্ঠানে ভোক্তার অভিযান, জরিমানা ৬ লাখ ৭০ হাজার টাকা

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসি, বেকারি ও হোটেল রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৩০ জেলায় ৭৫টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ৩০ জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের ৩৯টি দল এ অভিযানে অংশ নেয়।
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকির পাশাপাশি ফার্মেসি, বেকারি এবং হোটেল-রেস্তোরাঁয় বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখা হয়।
অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল-ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রির মতো অনিয়ম প্রতিরোধে তদারকি করা হয়।
এ ছাড়া ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন ও সঠিক ওজন নিশ্চিত করতে সতর্ক করা হয়।
পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পাশাপাশি সঠিক ওজন নিশ্চিত করা এবং কেনাকাটার পর বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে।


