logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

৩৪ জেলায় ভোক্তার অভিযান, ৭৭ প্রতিষ্ঠানকে জরিমানা

৩৪ জেলায় ভোক্তার অভিযান, ৭৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান। ছবি: এশিয়া পোস্ট

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ, নকল ভেজাল পণ্য প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ নভেম্বর) ঢাকা মহানগরসহ ৩৪টি জেলায় পরিচালিত এ অভিযানে ৭৭টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

অধিদপ্তরের ৪৮টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে। অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের বেশি বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম তদারকি করা হয়।

অভিযানের উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে চাঁদপুরের বাবুরহাট বাজারে। সেখানে শুঁটকি মাছে কৃত্রিম রং মিশিয়ে, পচা ও নষ্ট শুঁটকি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাছ রাখার প্রমাণ পাওয়া যায়।

অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অপরাধে উত্তম কুমার সরকারকে ১০ হাজার, আমিন পাটোয়ারীকে ৫ হাজার এবং একতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি পচা ও নষ্ট শুঁটকি এবং ব্যবহৃত রং ধ্বংস করা হয়।

অভিযানে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত এবং পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।