logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী

১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও ফেসবুক পেজ

কান্ট্রি গেমসে যোগদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

Advertisement

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে রোববার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কামরুজ্জামান কামরুলসহ সুনামগঞ্জের তিন সংসদ সদস্য—কলিম উদ্দিন আহমেদ মিলন, অ্যাড. নুরুল ইসলাম নুরুল ও মোহাম্মদ কয়ছর আহমদ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর বাস্তবায়ন উপলক্ষে জেলা প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানা গেছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা সদরে আয়োজিত কান্ট্রি গেমসে যোগ দেবেন, কুস্তি খেলাসহ অন্যান্য খেলাধুলা উপভোগ করবেন এবং বক্তব্য দেবেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে রোববার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : এশিয়া পোস্ট
প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে রোববার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসছেন বলে নিশ্চিত করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলা শহরের স্টেডিয়ামে জেলার ঐতিহ্যবাহী নানা খেলা উপভোগ করবেন; একই সঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ক্রীড়া মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফর করবেন। তিনি ঐতিহ্যবাহী কুস্তি খেলাসহ কান্ট্রি গেমস উপভোগ করতে সুনামগঞ্জে আসছেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে আয়োজন করতে প্রস্তুতি হিসেবে আজ বিকেলে ক্রীড়া মন্ত্রণালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা আশাবাদী, আগামী ১২ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসবেন। সুনামগঞ্জবাসী প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জে এসেছিলেন। তখন শহরের পুরাতন বাসস্টেশনে সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে ওই নির্বাচনি এলাকার টেকেরঘাট ও জামালগঞ্জে দুটি পৃথক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।