logo

১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে প্রধান শিক্ষক জুয়েল রানা

১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে প্রধান শিক্ষক জুয়েল রানা
নিহত প্রধান শিক্ষক জুয়েল রানা। ছবি: এশিয়া পোস্ট

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভান্ডা-মাকড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল রানা তালুকদার (৪৫)। শুক্রবার (২০ নভেম্বর) রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত প্রধান শিক্ষক জুয়েল রানা তালুকদার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের মাতারগাঁও গ্রামের প্রাক্তন সহকারী শিক্ষক সুবোধ তালুকদারের ছেলে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মুজমদার।

Advertisement

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক জুয়েল রানার স্ত্রী মনি রায় দিরাই উপজেলার উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি পরিবার নিয়ে দিরাইয়ে বসবাস করতেন। জুয়েল রানা প্রতিদিন দিরাই থেকে মোটরসাইকেলে জামালগঞ্জের ভান্ডা-মাকড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করতেন।

গত ১০ নভেম্বর বিদ্যালয়ের ছুটি শেষে বিকেলে দিরাইয়ে ফেরার পথে দিরাই পৌরশহরের সুজানগর এলাকায় সড়কের পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে তার মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তিনি মারা যান।

জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মুজমদার বলেন, ভান্ডা-মাকড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল রানা তালুকদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা গেছেন। তিনি একজন মেধাবী শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।