সুনামগঞ্জে বাপেক্সের জমি দখল করে খামার ও মার্কেট নির্মাণের অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্যাসক্ষেত্র এলাকায় সরকারি জমি ও রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সম্পত্তি দখল করে পুকুর, পোল্ট্রি খামার ও বাণিজ্যিক মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে।
টেংরাটিলা গ্রামের আতাউর রহমান ফরাজী নামের এক ব্যক্তির বিরুদ্ধে এসব জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনায় সিলগালা করে লাল নিশান টানিয়েছে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।
তবে একই ব্যক্তির বিরুদ্ধে বাপেক্সের মালিকানাধীন টেংরাটিলা গ্যাসক্ষেত্রের জমি দখল করে পোল্ট্রি খামার ও আধাপাকা মার্কেট নির্মাণের অভিযোগ থাকলেও সেসব স্থাপনা এখনো বহাল রয়েছে। সরকারি জমি দখল করে পুকুর, মার্কেট ও খামার নির্মাণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জমিও দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা বাজার এলাকায় সড়কের দুই পাশে গড়ে উঠেছে মার্কেট ও পোল্ট্রি খামার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তি দখলের অভিযোগ সামনে আসার পরও তা উদ্ধারে দৃশ্যমান পদক্ষেপ না থাকায় প্রশাসনিক উদ্যোগ ও দায়িত্ব পালনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, এসব স্থাপনা বাপেক্সের মালিকানাধীন জমিতে নির্মাণ করা হয়েছে। অন্যদিকে, সরকারি জমি দখল করে পুকুর ও পোল্ট্রি খামার নির্মাণের অভিযোগও রয়েছে আতাউর রহমান ফরাজীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি জায়গা দখল করে তিনি এসব স্থাপনা নির্মাণ ও ভোগদখল করে আসছেন। সরকারি জমি উদ্ধারে উপজেলা প্রশাসন উচ্ছেদ কার্যক্রমের উদ্যোগ নিলে অভিযুক্ত ব্যক্তি বারবার সময় চাওয়ায় তা বিলম্বিত হয় বলে জানা গেছে। সর্বশেষ গত ১২ নভেম্বর দোয়ারাবাজার উপজেলা প্রশাসন সরকারি জমিতে আতাউর রহমান ফরাজীর নির্মিত স্থাপনায় সিলগালা করে লাল নিশান টানিয়ে জমি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
তবে সরকারি জমিতে প্রশাসনের এই পদক্ষেপের পরও বাপেক্সের সম্পত্তিতে নির্মিত তার স্থাপনাগুলো এখনো রয়েছে। ফলে একই ব্যক্তির বিরুদ্ধে সরকারি জমি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তি দখলের অভিযোগ থাকলেও দুই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণে ভিন্নতা কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের জমিতে কীভাবে ব্যক্তিগত বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন দখলে রাখা হয়েছে, সে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
টেংরাটিলা এলাকার বাসিন্দা সিরাজ মিয়া বলেন, শুধু সরকারি জমিতে সিলগালা করলেই দায়িত্ব শেষ হয় না। বাপেক্সের সম্পত্তি দখলের অভিযোগও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সরকারি ও বাপেক্সের জমির সীমানা নির্ধারণ করে সব অবৈধ দখল উচ্ছেদ করা হোক।
এলাকার আরেক বাসিন্দা মো. মোতালিব বলেন, আতাউর রহমান ফরাজী সরকারি সম্পত্তিসহ বিভিন্ন জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। এখন স্থানীয় বাসিন্দাদের জায়গাও জোর করে দখলে নেওয়ার চেষ্টা করছেন। এসব নিয়ে এলাকায় স্থানীয়দের সঙ্গে বিরোধ ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
অভিযুক্ত আতাউর রহমান ফরাজীর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তার ভাই সিরাজুল ইসলাম ফরাজী বলেন, কোম্পানির জায়গায় আমাদের স্থাপনা হয়েছে, এটা ঠিক। এখন কোম্পানি যদি চায়, আমরা সরে যাব।
এ বিষয়ে সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হাসান বলেন, সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানের কোনো জায়গা ব্যক্তিগতভাবে দখলে নেওয়ার সুযোগ নেই। যদি কেউ তা করে থাকে, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, সরকারি জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে টেংরাটিলা এলাকার কিছু স্থাপনায় সিলগালা করে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাপেক্সের যে জায়গা দখলের অভিযোগ উঠেছে, সে বিষয়ে বাপেক্স কর্তৃপক্ষ উচ্ছেদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

