জাবিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, কমেছে আবেদনের যোগ্যতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে ২২ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া, আগামী বছরের (২০২৭ সাল) ১০ থেকে ২১ জানুয়ারির (সরকারি ছুটির দিন ব্যতীত) মধ্যে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ন্যায় এবারও জাবিতে মোট সাত ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’-ইউনিটে আবেদন ফি ৮০০ টাকা; সি-১ ও আইবিএ-জেইউতে ৬০০ টাকা এবং ‘ই’ ইউনিটে ৭০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদ, ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘সি-১’ ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদ, এবং ‘ই’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ, এবং আইবিএ জেইউ পৃথক ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার সাতটি ইউনিটে বিশ্ববিদ্যালয়টির মোট ৩৭টি বিভাগ/ইনস্টিটিউটে ১৮৪৮টি আসনের বিপরীতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিথিল হয়েছে যোগ্যতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট admission.juniv.edu-এর নিয়মাবলি অনুসরণ করে প্রার্থীকে ভর্তি আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়টির এবারের ভর্তি পরীক্ষায়ও থাকছে দ্বিতীয়বার (সেকেন্ড টাইম পদ্ধতি) পরীক্ষার সুযোগ। ২০২৩/২৪ সালের মাধ্যমিক/সমমান ২০২৫/২৬ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এছাড়া, এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণদের ফলাফলের হার বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা তুলনামূলক শিথিল করা হয়েছে।
ভর্তির জন্য ‘এ’ ইউনিটের ক্ষেত্রে আবেদনকারীদের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.৫০ সহ মোট জিপিএ-৭.৫০ থাকতে হবে।
‘বি’ ইউনিটে বিজ্ঞান শাখার ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপি ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ এবং মানবিক/ব্যবসায়/অন্যান্য শাখার ক্ষেত্রে পৃথকভাবে জিপিএ ৩.০০ সহ কমপক্ষে জিপিএ- ৬.৫০ থাকতে হবে।
‘সি’ ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে মানবিক শাখার ক্ষেত্রে কমপক্ষে জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ-৬.৫০ থাকতে হবে। যেখানে বিজ্ঞান/ব্যবসায়/অন্যান্য শাখার ক্ষেত্রে চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ-৭.৫০ থাকতে হবে।
অন্যদিকে ‘সি১’ ইউনিটে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ ও সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। এবং ‘ডি’ ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ ও মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
‘ই’ ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষা বিজ্ঞান শাখার ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ ও সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। ব্যবসায়/মানবিক/অন্যান্য শাখার জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ ও সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
এছাড়া, ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-‘আইবিএ-জেইউ’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ ও মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। তবে এতে মানবিক ও ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০-সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।


