logo

জাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি, রাতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা

জাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি, রাতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি: এশিয়া পোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া স্টিকারযুক্ত ও অনুমোদিত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। একই সঙ্গে রাতে বহিরাগত ব্যক্তি ও তাদের যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সার্বিক নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া স্টিকারযুক্ত ও অনুমোদিত গাড়ি ছাড়া সব ধরনের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো সময় যে কোনো ব্যক্তি ও যানবাহন তল্লাশি করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহ করা পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশ নিরুৎসাহিত করা হয়েছে। বিশেষ করে রাতের বেলা সব বহিরাগত ব্যক্তি ও তাঁদের গাড়ির ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে প্রশাসন।