logo

রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ
মিরপুর মাজাররোডে ককটেল নিক্ষেপ করেন একজন অটোচালক। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীতে সোমবার (১৬ নভেম্বর) রাতের প্রথম প্রহর থেকে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাত সোয়া ১২টা থেকে আড়াইটা পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ঘটনা ঘটে। পুলিশের ধারণা, নগরীতে আতঙ্ক ছড়াতে নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটাচ্ছেন।

একাধিক সূত্র এশিয়া পোস্টকে জানিয়েছে, সোমবার রাতের প্রথম প্রহরে রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। রাত দুইটার দিকে একাধিক স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের অধিকাংশই মোটরসাইকেলে করে এসেছিল বলে জানা গেছে।

তবে একটি ঘটনায় অটোরিকশাচালকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পুলিশের ধারণা, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীতে আতঙ্ক ছড়িয়ে দিতে এসব ঘটনা ঘটাচ্ছে।

জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে মিরপুর মাজার রোডের ধানসিঁড়ি হোটেলের সামনে এক অটোচালক ককটেল নিক্ষেপ করেন। পরে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে এই প্রথম কোনো অটোচালকের রাতের আঁধারে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেল।

এ বিষয়ে দারুস সালাম থানার ডিউটি অফিসার এসআই শহীদুল্লাহ এশিয়া পোস্টকে বলেন, আমাদের থানা এলাকায় ককটেল বিস্ফোরণের খবর এখনও পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে পুলিশের টহল টিম দায়িত্ব পালন করছেন, সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা তা তারা থানায় খবর দিলে জানা যাবে।

এ ছাড়াও রাত সাড়ে ১২টার পর থেকে ধারাবাহিকভাবে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয় কম্পাউন্ডের পকেট গেটের সামনে, সুপ্রিম কোর্টের গেটে এবং মিরপুরের কালশী ফ্লাইওভারে ওঠার মুখে কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

শাহবাগ থানার ডিউটি অফিসার রাসেল পারভেজ এশিয়া পোস্টকে বলেন, সুপ্রিম কোর্টের সামনে আমাদের চেকপোস্ট আছে। আমরা এখনও এমন খবর পায়নি।

এদিকে রাত সোয়া দুইটার দিকে শ্যামপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর কাছাকাছি সময়ে মতিঝিল এজিবি কলোনির পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়।

এছাড়াও রাতে হোটেল রেডিসনের সামনে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।