logo

এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা। ছবি : ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ভেতরে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে কী পরিমাণ টাকা পুড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখাটিতে এ ঘটনা ঘটে।

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। দিনভর জেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এরই ধারাবাহিকতায় রাত ৮টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি পাটগাতী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখাটিতে প্রবেশ করেন। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যাংকের ভেতরে ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন। এতে ব্যাংকের ভেতরে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সন্ধ্যার পর পাটগাতী বাজারের গ্রামীণ ব্যাংক শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট