logo

সন্তানকে নিয়ে বাজারে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

সন্তানকে নিয়ে বাজারে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
মো. সুরুজ জামান। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

ময়মনসিংহ নগরে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরের মধ্য বারেরা এলাকার মজিদ মার্কেটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মো. সুরুজ জামান (৩৫) ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বড় ভাই বাবুল মিয়া একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বাজারের উদ্দেশে রওনা হন সুরুজ জামান। পথে মজিদ মার্কেটের সামনে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর তাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুরুজ জামানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, হত্যার কারণ অনুসন্ধান ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট