আরিচা ঘাটে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট ফেরি টার্মিনালে পার্কিং করে রাখা একটি ট্রাকের কেবিনে আগুন লেগেছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যার কারণে আগুন অন্য যানবাহনে ছড়িয়ে পড়েনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।
ট্রাকটির মালিক স্থানীয় ব্যবসায়ী আব্দুল লতিফ মল্লিক বলে জানা গেছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ট্রাকের মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।