logo

স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণায় বিশেষ অনুদান দেবে নোবিপ্রবি

স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণায় বিশেষ অনুদান দেবে নোবিপ্রবি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

শিক্ষার্থীদের গবেষণা প্রকল্প, থিসিস ও প্রজেক্টে বিশেষ অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের তালিকা চেয়ে নোটিশ জারি করেছে নোবিপ্রবি রিসার্চ সেল।

গত ১২ নভেম্বর রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের স্বাক্ষরে এ নোটিশ জারি করা হয়। নোটিশে শিক্ষার্থীদের নাম, গবেষণার শিরোনাম, রোল নম্বর, মোবাইল নম্বর ও সুপারভাইজারের নামসহ তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানের স্বাক্ষর ও সিলমোহরসহ তালিকাটি নিজ নিজ বিভাগ থেকে আগামী ২৬ নভেম্বরের মধ্যে হার্ডকপি ও সফটকপি আকারে রিসার্চ সেল কার্যালয়ে পাঠাতে হবে।

নোটিশ অনুযায়ী, তালিকার সফটকপি ইংরেজিতে প্রস্তুত করে নির্দিষ্ট ঠিকানায় ই-মেইল করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগের চেয়ারম্যানকে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে রিসার্চ সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, অনেক আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী গবেষণায় আগ্রহী হলেও অর্থের অভাবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহসহ বিভিন্ন কাজ সম্পন্ন করতে সমস্যার সম্মুখীন হতে হয়। গবেষণার তথ্য সংগ্রহ, প্রিন্টিং ও বাইন্ডিংয়ের মতো কাজেও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়। এসব আর্থিক সীমাবদ্ধতা দূর করে শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করছি, এ উদ্যোগে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাবে।

তিনি আরও বলেন, ইউজিসির নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেটের ৮৫ শতাংশ বিএসসি, এমএসসি ও ফেলোশিপ পর্যায়ের গবেষণার জন্য বরাদ্দ রাখার বিধান রয়েছে। শিক্ষার্থীদের গবেষণার সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা বাড়াতে রিসার্চ সেল কাজ করছে।

এ বিষয়ে উপচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী এশিয়া পোস্টকে বলেন, ইউজিসির নির্দেশনা অনুযায়ী, আগে মূলত মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণার জন্য এ ধরনের বরাদ্দ রাখা হতো। তবে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাও বিভিন্ন গবেষণা ও প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছে। তাদের গবেষণার কাজ যেন অর্থের অভাবে বাধাগ্রস্ত না হয়, সে জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যারা সরাসরি গবেষণা বা প্রজেক্টের সঙ্গে যুক্ত, তারা এ সুবিধার আওতায় আসবে। এ অর্থ দিয়ে শিক্ষার্থীরা গবেষণার তথ্য সংগ্রহ, যাতায়াত, রিপোর্ট টাইপিং ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহ করতে পারবে। আমরা চাই, শিক্ষার্থীরা আর্থিক সীমাবদ্ধতার কারণে গবেষণা থেকে পিছিয়ে না পড়ুক।