logo

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানি দায়ে ইবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানি দায়ে ইবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই ঘটনায় চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে, যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন। গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত ২৬ শিক্ষার্থীর মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন রয়েছেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি ১৫ শিক্ষার্থী হলেন শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান। তাদের প্রত্যেককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও অর্থ দাবির ঘটনায় বিভাগের আরও নয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকতকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় বিভাগের আরও চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

এদিকে, যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমকে মাস্টার্সের দুই সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে দীর্ঘ সময় আটকে রাখা, মানসিক নির্যাতন, অপমানজনক কাজ করতে বাধ্য করা এবং গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে বসিয়ে রাখার অভিযোগ ওঠে বহিষ্কৃতদের বিরুদ্ধে। এ ছাড়া এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা। এসব ঘটনায় প্রায় ১৬ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দেন। পরে বিভাগীয় তদন্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং ভিজিল্যান্স কমিটির সভায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ২৭৫তম সিন্ডিকেট সভায় অভিযুক্ত ১৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, লোকপ্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে সিনিয়রদের ‘ম্যানার শেখানোর’ নামে শ্রেণিকক্ষে হস্তক্ষেপ, মেসেঞ্জার গ্রুপ থেকে বাদ দিয়ে অ্যাকাডেমিক তথ্য থেকে বঞ্চিত করা, ২৫ হাজার টাকা দাবি এবং মারধরের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় তদন্ত শেষে র‍্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বহিষ্কার ও সতর্ক করার সুপারিশ করা হয়। পরে সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, আর্থিক সুবিধা আদায়, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে হোটেল বুকিং এবং গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগ করেন এক ছাত্রী। এ অভিযোগ তদন্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ২৭৫তম সিন্ডিকেট সভায় জিহাদুল করিমকে দুই সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এশিয়া পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো চিঠি আকারে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।