টিকটক করতে গিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় যুবক নিহত, আহত ২

সাতক্ষীরার আশাশুনিতে টিকটক করতে গিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় মোস্তাকিম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা-পারুলিয়া সড়কের শোভনালী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাকিমসহ তিন যুবক একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে যাচ্ছিলেন। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোস্তাকিমের মৃত্যু হয়। আহত হন অপর দুই আরোহী।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই যুবকেরা নিয়মিত ব্লগ ও টিকটক ভিডিও তৈরি করতেন। ঘটনার সময়ও তারা ভিডিও ধারণ করছিলেন। তবে ভিডিও ধারণের বিষয়টি দুর্ঘটনার কারণ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) তারিকুর রহমান শুভ এশিয়া পোস্টকে জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
