কর ফাঁকির চেষ্টা: তামার আড়ালে পাচার হচ্ছিল জাহাজের পুরোনো পাখা

বন্ড সুবিধার অপব্যবহারে শুল্কমুক্ত আমদানির কাঁচামাল খোলাবাজারে বিক্রির অভিনব এক জালিয়াতি ধরা পড়েছে চট্টগ্রামে। বিদেশে ‘সর্টেড কপার’ বা বাছাই করা তামা রপ্তানির ঘোষণা দিয়ে কন্টেইনারে পাঠানো হচ্ছিল জাহাজের ১০টি পুরোনো প্রপেলার বা কাটা পাখা। এই জালিয়াতির মাধ্যমে সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির চেষ্টা করেছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান ‘নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড’।
শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউজ ও আইসিডি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
কাস্টমস সূত্র জানায়, নিয়ালকো অ্যালয়েজ জাপানে ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার মূল্যের বাছাই করা তামা রপ্তানির ঘোষণা দিয়ে গত ৩ নভেম্বর বিল দাখিল করেছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড অফডকে অভিযান চালায় কাস্টমস। সিঅ্যান্ডএফ এজেন্ট ও ডিপো কর্তৃপক্ষের উপস্থিতিতে কনটেইনারটি খুলে দেখা যায়, সেখানে তামার পরিবর্তে স্থানীয় জাহাজভাঙাশিল্প থেকে সংগ্রহ করা ১০টি বিশাল পুরোনো প্রপেলার বা পাখা সাজিয়ে রাখা হয়েছে।
জালিয়াতির ছক যেভাবে সাজানো হয়েছিল: প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর বন্ড সুবিধায় তামা ও সংকর ধাতুর স্ক্র্যাপ আমদানি করেছিল প্রতিষ্ঠানটি এবং ১৭ অক্টোবর ব্যবহারের অনুমতি (ইউপি) নেয়। নিয়ম অনুযায়ী আমদানি করা কাঁচামাল প্রক্রিয়াজাত করে পণ্য রপ্তানি করার কথা থাকলেও তা না করে সীতাকুণ্ডের ব্রেকিং ইয়ার্ড থেকে সস্তায় পুরোনো প্রপেলার সংগ্রহ করা হয়।
দেশীয় পণ্য বিদেশে পাঠিয়ে কাগজে-কলমে আমদানির হিসাব সমান করার এই অপচেষ্টার মূল উদ্দেশ্য ছিল— বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে আসা দামি তামার স্ক্র্যাপগুলো খোলাবাজারে চড়া দামে বিক্রি করা।
ভাটিয়ারীর জাহানাবাদে অবস্থিত নিয়ালকো অ্যালয়েজ ২০১১ সালে নিবন্ধিত একটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত প্রথম এই কোম্পানিটি ২০২২ সালে শেয়ারবাজার থেকে সাড়ে ৭ কোটি টাকাও উত্তোলন করেছিল। তবে সাম্প্রতিক এই জালিয়াতির বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মোকাররম আলী চৌধুরী ও চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকির এ ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে কাস্টমস। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে এবং খুব শীঘ্রই জড়িতদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়ের করা হবে।
এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মোকাররম আলী চৌধুরী ও চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তা রিসিভ হয়নি। এসএমএস দিয়েও উত্তর মেলেনি।
