logo

গ্রেপ্তার আতঙ্কে ক্যান্টনমেন্টের একটি বাসায় লুকিয়ে ছিলেন স্বাধীন খসরু

বিনোদন ডেস্ক
গ্রেপ্তার আতঙ্কে ক্যান্টনমেন্টের একটি বাসায় লুকিয়ে ছিলেন স্বাধীন খসরু
ছবিটি অভিনেতার ফেসবুক আইডি থেকে সংগৃহীত

দেশীয় শোবিজের জনপ্রিয় মুখ স্বাধীন খসরু। আওয়ামীপন্থি এই শিল্পী ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে এসেছিলেন। দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে পরিবারসহ বসবাস করেছেন এই অভিনেতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শাসন আমলে একটি বিজ্ঞাপনের শুটিং করতে গোপনে বাংলাদেশে এসেছিলেন স্বাধীন খসরু। কিন্তু দেশে থাকাকালীন তার ১৭ দিন ছিল ভয়ংকর। মূলত গ্রেপ্তার আতঙ্কে দিন কেটেছে তার। নিরাপত্তার জন্য সাবেক এক সেনা কর্মকর্তার ক্যান্টনমেন্টের একটি বাসায় আত্মগোপনে ছিলেন এই অভিনেতা।

১৩ নভেম্বর এটি নিয়ে দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন স্বাধীন খসরু।

তিনি লিখেছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস। চলছে ড. ইউনূসের অবৈধ, স্বেচ্ছাচারী ও দখলদার মব সরকার। ২০২৪ সালের অক্টোবর থেকে দেশের বড় একটি বিজ্ঞাপন সংস্থার সঙ্গে বিকাশের একটি বিজ্ঞাপন নিয়ে কথা চলছে। কথা ছিল, হুমায়ূন আহমেদের সৃষ্ট ‘তারা তিনজন’ চরিত্র নিয়ে এই বিজ্ঞাপনটি নির্মিত হবে। দেশে যেতে হবে, কিন্তু আমি কোনোভাবেই রাজি নই, যদিও সম্মানী ছিল বেশ লোভনীয়। কারণ, আমাকে আখ্যায়িত করা হয়েছে ‘কালচারাল ফ্যাসিস্ট’ এবং ‘আবশ্যক’ হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আমার ছবিতে জুতোপেটাও করা হয়েছে। তাই শুরু থেকেই আমার দেশে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। এরই মধ্যে বিজ্ঞাপন সংস্থায় পরিবর্তন এলো। সিদ্ধান্ত হলো, নতুন এই বিজ্ঞাপনটি নির্মাণ করবে নুহাশ হুমায়ুনের বিজ্ঞাপন সংস্থা ‘লং স্টোরি’।

ঘটনার বর্ণনা দিয়ে স্বাধীন খসরু লিখেছেন, কথা চলতে থাকল, তবে আমি আমার সিদ্ধান্তে অটল রইলাম। আমার কাছে মনে হলো, এই মুহূর্তে দেশে যাওয়া আমার জন্য নিরাপদ নয়। বিমানবন্দরেই আমি গ্রেপ্তার হতে পারি। আর যদি কোনোভাবে বিমানবন্দর থেকে ছাড়া পেয়েও যাই, পরবর্তীতে যে কোনো সময় গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, গ্রেপ্তার করা হলে আমার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ দেওয়া হবে না, কারণ তা করতে দেওয়া হয় না। পরিবার, পরিচিতজন, দেশি-বিদেশি সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের সবার একটাই কথা—কোনোভাবেই দেশে যাওয়া যাবে না।

প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের আবিষ্কার এই অভিনেতা আরও লিখেছেন, এদিকে বারবার কথা হচ্ছে নুহাশের সঙ্গে এবং আমার অগ্রজ অভিনেতা ফারুক ভাই ও এজাজ ভাইয়ের সঙ্গে। ফারুক ভাই ও এজাজ ভাই আমাকে দেশে যাওয়ার জন্য একপ্রকার চাপই দিচ্ছিলেন। তারা বলছিলেন, আমি না গেলে বিজ্ঞাপনটি আর হবে না; কারণ আমরা তিনজন মিলেই তো এই বিজ্ঞাপন। শেষ পর্যন্ত আমি রাজি হলাম যে, বাংলাদেশ যাব—যা হওয়ার হবে। নুহাশ আমাকে বারবার আশ্বাস দিল যে, বাংলাদেশ যাওয়া, থাকা এবং আমার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব তার। অবশেষে হেরে গেলাম নুহাশের কাছে। মনে পড়ে গেল সেই ছোট্ট নুহাশের কথা। মনের ভেতর অন্যরকম এক আবেগ কাজ করল। হুমায়ূন ভাইয়ের সঙ্গে কাজ শুরু করার পর থেকেই নুহাশের সঙ্গে আমার সখ্য। নুহাশ আমাকে ‘ভাই’ ডাকে। নুহাশ, আমি এবং হুমায়ূন ভাই—আমরা তিনজন মিলে একসঙ্গে ভিডিসিতে অসংখ্য বিশ্ববিখ্যাত সিনেমা দেখেছি। কত না মধুর স্মৃতি! আজ নুহাশ বড় হয়েছে, নিজের স্বকীয়তা ও ভঙ্গিমায় ভালো ভালো কাজ করছে—ভাবতেই গর্বে বুক ভরে যায়।

দিন-তারিখ চূড়ান্ত হলো। ঢাকা থেকে আমার বিমান টিকিট এবং থাকার জন্য বনানীর একটি অভিজাত গেস্ট হাউসে বুকিং সম্পন্ন হলো। কারও কথাই আর কান দিয়ে শুনলাম না। শুধু আমার বড় মেয়ে প্রার্থনার একটি কথা আমার হৃদয় কাঁপিয়ে দিল, ‘বাবা, এই মুহূর্তে তোমাকে কি আসতেই হবে?’

ফেব্রুয়ারির ৭ তারিখ লন্ডন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে আকাশপথে উড়াল দিলাম। এর মধ্যে ঢাকার ব্রিটিশ হাইকমিশনকে আমার সব তথ্য দিয়ে বিষয়টি জানিয়ে রেখেছিলাম। নিরাপদ ভ্রমণ শেষে ৮ তারিখ ভোরে ঢাকা বিমানবন্দরে পৌঁছালাম।

গেস্ট হাউস থেকে গাড়ি এসেছিল বিমানবন্দরে। তবে আমি উঠলাম আমার বিজিএমইএর এক ব্যবসায়ী বন্ধুর গাড়িতে, সঙ্গে আমার এক অবসরপ্রাপ্ত সেনা অফিসার বন্ধুও ছিল। ওরাই আমাকে বিমানবন্দরের ভেতর থেকে সিআইপি প্রটোকলে বের করে নিয়ে গেল।

এরপরের দিন নিয়ে খসরু বলেন, পরের দিন, ৯ তারিখ ভোরে ইউনিটের গাড়ি আমাকে তুলে নিয়ে চলল শুটিং স্পটে। গাজীপুর, জয়দেবপুরসহ বিভিন্ন স্পটে একটানা পাঁচ দিন শুটিং করলাম। এই কদিন থাকা হলো সেখানকার একটি গেস্ট হাউসে। টানা পাঁচ দিনের শুটিং শেষে ১৩ তারিখ ঢাকায় না ফিরে আমি সরাসরি চলে গেলাম নুহাশ পল্লীতে। কারণ, ঢাকায় থাকা তখন আমার কাছে নিরাপদ মনে হচ্ছিল না। পুলিশ ও সেনা বন্ধুদের বারণ থাকায় আমি বাংলাদেশের মোবাইল সিমও অ্যাকটিভ করিনি। এমনকি ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যমেও ঢুকিনি। দেশে কারও সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। শুটিং চলাকালীন যতবার পুলিশ বা পুলিশের গাড়ি দেখেছি, ততবারই বুকের ভেতর এক অজানা ভীতিকর অনুভূতির সৃষ্টি হয়েছে!

নুহাশপল্লীর ঘটনা নিয়ে খসরু বলেন, কাউকে না জানিয়ে নুহাশপল্লীতে চলে এসেছি, শুধু নুহাশকে জানিয়েছি। দীর্ঘদিন পর আমাকে পেয়ে নুহাশ ল্লীর ম্যানেজার ও আমার বন্ধু বুলবুল ভাইসহ সব কর্মচারী ভীষণ উচ্ছ্বসিত হয়ে পড়ল। কে কী খাওয়াবে, তা নিয়ে তাদের ব্যস্ততার শেষ নেই। সবাই স্থানীয় হওয়ায় নিজেদের বাড়ি থেকে গরুর দুধ, দেশি মুরগি ও পুকুরের মাছ নিয়ে আসতে শুরু করল। একদম রাজকীয় জামাই আদর যাকে বলে! খুব ভালো সময় কাটছিল। মনে হচ্ছিল, অনেক দিন পর বুঝি হুমায়ূন ভাইয়ের সান্নিধ্যেই আছি। থাকছিলাম বাংলোর আমার সেই পরিচিত রুম ‘আইনা ঘরে’। প্রতিদিন সকাল শুরু হতো হুমায়ূন ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলে, আর দিন শেষ হতো একইভাবে তার সঙ্গে কথা বলে।

নিজের ভয়ের কথা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, কিন্তু সমস্যা হলো, আমি নীরবে-গোপনে থাকতে চাইলেও তা আর সম্ভব হচ্ছিল না। নুহাশপল্লীতে প্রচুর মানুষ বেড়াতে আসছিলেন এবং তারা আমার বিষয়টি জেনে যান। সবাই দেখা করতে চাইলেন, ছবি তুলতে চাইলেন। এই জানাজানি হয়ে যাওয়ায় আমার ভেতর সন্দেহ, সংশয় ও কিছুটা নিরাপত্তাহীনতার ভয় বাড়তে থাকল। অন্যদিকে প্রতিদিন কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তি বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আসছিলেন, সঙ্গে থাকত পুলিশও! পুলিশ দেখলেই সেই অজানা ভীতি আবার চাগিয়ে উঠত, নিজেকে অনিরাপদ মনে হতো। বুলবুল ভাই আমাকে বারবার দৃঢ়ভাবে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন যে আমি এখানে সম্পূর্ণ নিরাপদ আছি। পঞ্চম দিন রাতে বুলবুল ভাই বললেন, আগামীকাল পাবনার ঈশ্বরদীতে শুরু হচ্ছে পাকশী ফুরফুরা দরবার শরিফের বার্ষিক ওরস। আমি যেতে চাই কি না, রাজি থাকলে তিনি আমাকে নিয়ে যাবেন। বুলবুল ভাইয়ের নিজের বাড়িও পাকশীতে। ফলে আমার কারণেই তার বাড়ি যাওয়া এবং ওরসে অংশ নেওয়া—দুটোই হয়ে যাবে।

পরের দিন সকালে নাশতা সেরে ঈশ্বরদী ও পাকশীর উদ্দেশ্যে যাত্রা করলাম। নুহাশপল্লী থেকে বের হয়ে কিছুটা স্বস্তি বোধ করলাম। অনেকেই জেনে গেছে আমি সেখানে আছি, যদিও দেশি নম্বর ব্যবহার করছিলাম না এবং ফেসবুকেও ঢুকছিলাম না। সেখানে পৌঁছানোর পর নিরাপত্তার স্বার্থে স্থানীয় একটি অভিজাত গেস্ট হাউসে উঠলাম। রাতের আড্ডায় দেখা হলো ঈশ্বরদী থানার ওসির সঙ্গে! যে পুলিশকে সবসময় ভয় পেতাম, সন্ধ্যা নামতেই সেই পুলিশের সঙ্গেই আড্ডা দিতে হলো!

এরপরের ঘটনা নিয়ে খসরু বলেন, সেখানে দুদিন কাটিয়ে আবার ঢাকায় ফিরে এলাম। ১৯ তারিখ সারাদিন ছিল বিজ্ঞাপনের ফটোশুট। এবার আর গেস্ট হাউসে না উঠে নিরাপত্তার কথা ভেবে অবসরপ্রাপ্ত মেজর বন্ধুর ক্যান্টনমেন্টের বাসাতেই উঠলাম। যে কদিন ছিলাম, লন্ডনের বাসার সঙ্গে ওয়াইফাই সংযোগের মাধ্যমে ইউকে নম্বরে যোগাযোগ রাখাতাম। ফটোশুট চলছে, ঠিক এমন সময় মধ্যাহ্নবিরতিতে লন্ডনে ফোন করলাম। ফোন করতেই আঁতকে উঠলাম! জানতে পারলাম, ঢাকার বাসায় পুলিশ উপস্থিত হয়েছে। তারা জানতে চাচ্ছে আমি বাংলাদেশে এসেছি কি না! নুহাশের সঙ্গে কথা ছিল, আমি বাংলাদেশে থাকাকালীন কোনো পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল বা টেলিভিশনে যেন কোনো খবর না যায়। নুহাশ তার কথা রেখেছিল। এমনকি শুটিং স্পটেও সতর্কতার স্বার্থে কোনো সাংবাদিক বা অপরিচিত কাউকে প্রবেশ করতে দেয়নি। কোনো প্রেস কনফারেন্স বা খবরও প্রচার করা হয়নি।

বিপদ যেন পিছু ছাড়ছিল না খসরুর হঠাৎ করে বিজ্ঞাপনটি প্রচারণায় আসে। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। ১৯ ফেব্রুয়ারি ছিল এশিয়া কাপে বাংলাদেশ বনাম ভারত ক্রিকেট ম্যাচ। আর বিকাশ এই ম্যাচটির সম্প্রচারে স্পনসর হিসেবে প্রতি ১৫ মিনিট পর পর আমার নতুন বিজ্ঞাপনটি প্রচার করছে!বিজ্ঞাপনটি নতুন, আর আমি তো লন্ডন থেকে নিশ্চয়ই এই বিজ্ঞাপন করিনি। ফলে সবাই জেনে গেল যে আমি দেশে আছি। শহরজুড়ে বিলবোর্ডে ছবি, আর সারা দেশে বিকাশের প্রতিটি আউটলেটে বিজ্ঞাপন প্রচার হতে লাগল। আমার রিটার্ন টিকিট ছিল ২৩ তারিখ রাতে। কোনোভাবেই স্বস্তি পাচ্ছিলাম না। যে কোনোভাবে এই তিন দিন পার করতে হবে। ক্যান্টনমেন্টে আমার সেই অবসরপ্রাপ্ত মেজরের বাসাতেই থেকে গেলাম। অশেষ কৃতজ্ঞতা জানাই আমার তিন বন্ধুকে—বিজিএমইএর বন্ধু, অবসরপ্রাপ্ত মেজর বন্ধু এবং ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আরেক মেজর বন্ধুকে।

দীর্ঘ স্ট্যাটাসের শেষে স্বাধীন খসরু লিখেছেন, ২৩ ফেব্রুয়ারি, ১৭ দিনের এক অদ্ভুত ও রোমাঞ্চকর অনুভূতির সমাপ্তি ঘটিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলাম। রাতের ফ্লাইটে যথারীতি বন্ধুরা আমাকে বিমানবন্দরে পৌঁছে দিল। এবার তারা আমাকে সিআইপি দিয়ে বের করে ভিআইপি দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। যত দোয়া-দরুদ জানা ছিল, মনে মনে সব পড়ার চেষ্টা করলাম; কিন্তু বেশির ভাগই দেখলাম সেই মুহূর্তে আর মনে পড়ছে না! সর্বনাশ! চেকিং ও ইমিগ্রেশন শেষ করে ভেতরে প্রবেশ করলাম। দেখলাম বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে। তারা আমাকে ইশারায় সতর্ক করে মুখে মাস্ক রাখতে, কার সঙ্গে কথা না বলতে এবং ছবি না তোলার নির্দেশ দিল। শেষ ইমিগ্রেশন পার হয়ে যখন বোয়িং বিমানের নিজের আসনে এসে বসলাম, তখন আর কিচ্ছু ভাবছিলাম না, ভাবতেও পারছিলাম না। সবকিছু যেন একটা স্বপ্নের মতো, কিছুটা এলোমেলো। বিমান রানওয়েতে দৌড় শুরু করেছে, অথচ আমার মনে হচ্ছিল বিমানের চেয়েও দ্রুতগতিতে আমি দৌড়াচ্ছি। বিমান যখন ঢাকার আকাশ ছেড়ে ওপরে উঠছে, চোখ বন্ধ করে মনে মনে বললাম ভালো থেকো বাংলাদেশ। বেঁচে থাকলে ইনশাআল্লাহ আবার দেখা হবে। এক আবশ্যক ‘কালচারাল ফ্যাসিস্ট’র পলায়ন!