logo

এক হারেই শেষ আর্জেন্টিনার ৭ ও ৩০ বছরের দুই রেকর্ড

এক হারেই শেষ আর্জেন্টিনার ৭ ও ৩০ বছরের দুই রেকর্ড
২ হাজার ৭৯৩ দিন পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পরাজয়ের স্বাদ পেল আর্জেন্টিনা। ছবি: লা প্রেসে

লিওনেল মেসির প্রত্যাবর্তনের রাতে শুরু হয়েছিল যে গল্প, তার বিদায়ের পর সেই গল্পেরই সমাপ্তি ঘটল। সাত বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অপরাজিত থাকা আর্জেন্টিনাকে অবশেষে হারের স্বাদ দিল উরুগুয়ে। শুধু একটি অপরাজেয় যাত্রাই নয়, চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ২-১ গোলের পরাজয়ে ঘরের মাঠে প্রায় ৩০ বছরের পুরোনো আরেকটি রেকর্ডও ভেঙেছে লিওনেল স্কালোনির দলের।

শুক্রবার (১৩ নভেম্বর) বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে হেরে দীর্ঘ ২ হাজার ৭৯৩ দিন পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পরাজয়ের স্বাদ পেল আর্জেন্টিনা। সবশেষ ২০১৯ সালের ২২ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে হেরেছিল আলবিসেলেস্তেরা। সেদিন মাদ্রিদের ওয়ান্ডা মেত্রোপলিতানো স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়েছিল ভেনেজুয়েলা।

সেই ম্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে মেসির একটি বিশেষ স্মৃতি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়ের পর দীর্ঘ বিরতি নিয়েছিলেন তিনি। প্রায় নয় মাস পর জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন ঘটে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়েই। স্কালোনির অধীনে সেটিই ছিল মেসির প্রথম ম্যাচ।

দীর্ঘ ৯ মাস পর মেসির ফেরার দিনটি সেদিন সুখের ছিল না।
দীর্ঘ ৯ মাস পর মেসির ফেরার দিনটি সেদিন সুখের ছিল না।

তবে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি আর্জেন্টাইন মহাতারকার। ম্যাচের ষষ্ঠ মিনিটেই সালোমন রনদনের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। বিরতির আগে জন মুরিলো ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে লাওতারো মার্তিনেজ একটি গোল শোধ দিলেও পেনাল্টি থেকে হোসেফ মার্তিনেজ গোল করে আর্জেন্টিনার হার নিশ্চিত করেন।

সেদিন আর্জেন্টিনার একাদশে মেসি ছাড়াও ছিলেন লাওতারো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো ও নিকোলাস তাগলিয়াফিকো। পরবর্তী সময়ে তাদের অনেকেই স্কালোনির সফল দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।

ভেনেজুয়েলার কাছে সেই হারের পর অবশ্য বদলে যায় আর্জেন্টিনার পথচলা। স্কালোনির অধীনে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় দলটি। এর মধ্যে ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জেতে তারা।

সাফল্যের সেই যাত্রায় প্রীতি ম্যাচেও দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার কাছে হারের পর আর কোনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পরাজিত হয়নি তারা। এমনকি ২০১৯ সালের ১৮ নভেম্বর ইসরায়েলের তেল আবিবে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর টানা ২২টি প্রীতি ম্যাচ জিতেছিল স্কালোনির দল।

সাত বছরের বেশি সময় ধরে গড়ে ওঠা সেই অপরাজেয় যাত্রার ইতি ঘটল মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম ম্যাচেই।

তবে শুক্রবারের পরাজয়ে শুধু একটি নয়, দুটি দীর্ঘ রেকর্ড ভেঙেছে আর্জেন্টিনার। নিজেদের দেশের মাটিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রায় ৩০ বছর পর হারল তারা।

এর আগে সবশেষ ১৯৯৬ সালের ২৮ ডিসেম্বর আর্জেন্টিনার মাটিতে অনুষ্ঠিত কোনো প্রীতি ম্যাচে পরাজিত হয়েছিল আলবিসেলেস্তেরা। সেদিন মার দেল প্লাতার হোসে মারিয়া মিনেয়া স্টেডিয়ামে যুগোস্লাভিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল দানিয়েল পাসারেলার দল।

ওই ম্যাচে যুগোস্লাভিয়ার হয়ে গোল করেছিলেন লুবিঙ্কো দ্রুলোভিচ, দেয়ান গোভেদারিৎসা ও জোরান ইয়োভিচিচ। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেছিলেন হুয়ান এসনাইদের ও উগো মোরালেস। সেই দলের একাদশে ছিলেন দিয়েগো সিমিওনে, আরিয়েল ওর্তেগা, লিওনার্দো আস্ত্রাদা ও নেলসন ভিভাসের মতো পরিচিত ফুটবলাররা।

এরপর থেকে দেশের মাটিতে টানা ৩৯টি প্রীতি ম্যাচে অপরাজিত ছিল আর্জেন্টিনা। এই সময়ে ৩৪টি ম্যাচ জেতার পাশাপাশি পাঁচটিতে ড্র করেছিল তারা। উরুগুয়ের বিপক্ষে শুক্রবারের হার সেই রেকর্ডেও দাঁড়ি টেনে দিল।

তবে দেশের মাটিতে সব ধরনের ম্যাচে আর্জেন্টিনা এতদিন অপরাজিত ছিল, এমন নয়। ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বেও একই লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। প্রায় ৩০ বছরের রেকর্ডটি শুধুই দেশের মাটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচের।

এবারের ম্যাচেও উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোল ও ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ৭৩ মিনিটে জুলিয়ান আলভারেজ একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি স্বাগতিকেরা।

ফলে মেসির প্রত্যাবর্তনের রাতে ভেনেজুয়েলার কাছে হারের মধ্য দিয়ে যে দীর্ঘ অপরাজেয় যাত্রার শুরু হয়েছিল, মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হেরে তার সমাপ্তি ঘটল।

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্দোবায় কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। দীর্ঘ দুটি রেকর্ড হারানোর পর সেই ম্যাচে জয়ে ফেরাই এখন স্কালোনির দলের লক্ষ্য।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট