logo

ডায়াবেটিসের লক্ষণ শুরুতে বোঝা যায় না কেন, যেসব বিষয় জানা জরুরি

ডায়াবেটিসের লক্ষণ শুরুতে বোঝা যায় না কেন, যেসব বিষয় জানা জরুরি
ছবি: মেডিসিন প্লাস

ডায়াবেটিস এখন অনেকের কাছেই পরিচিত একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকে তো জানেনও না যে তাদের ডায়াবেটিস আছে কি নেই। দিনের পর দিন নীরবেই এই রোগকে সঙ্গী করছেন অনেকে। এটি এমন একটি দীর্ঘমেয়াদি রোগ, যা অনেক সময় শরীরে বাসা বাঁধলেও শুরুতে তা বোঝা যায় না। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসের লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পায়। ফলে অনেকেই বছরের পর বছর রোগটি সম্পর্কে জানতে পারেন না।

কারও ক্ষেত্রে অন্য কোনো শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পর রক্ত পরীক্ষায় ডায়াবেটিস ধরা পড়ে। তাই ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ, ঝুঁকির কারণ ও রোগ শনাক্তের উপায় সম্পর্কে সচেতন থাকা জরুরি।

ডায়াবেটিসের লক্ষণ শুরুতে বোঝা যায় না কেন

ডায়াবেটিসের লক্ষণ দেরিতে ধরা পড়ার অন্যতম কারণ হলো, রোগটি সব সময় শুরু থেকেই স্পষ্ট কোনো উপসর্গ তৈরি করে না।

বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। শুরুর দিকে এই পরিবর্তন এতটা স্পষ্ট নাও হতে পারে। তাই আক্রান্ত ব্যক্তি শারীরিক কোনো সমস্যা অনুভব করেন না। ফলে শরীরে ডায়াবেটিস থাকলেও দীর্ঘদিন তা অজানাই থেকে যায়।

এ ছাড়া কয়েকটি কারণে রোগটি শনাক্ত হতে দেরি হতে পারে। যেমন—

লক্ষণ খুব মৃদু হওয়া: ডায়াবেটিসের কারণে অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব বা ক্লান্তি দেখা দিতে পারে। কিন্তু এসব সমস্যা সামান্য হলে অনেকেই গুরুত্ব দেন না।

অন্য রোগের লক্ষণ মনে করা: ঘন ঘন প্রস্রাব হওয়াকে অনেকে মূত্রনালির সংক্রমণ মনে করেন। আবার ক্লান্তি বা দুর্বলতাকে ঘুমের অভাব বা রক্তস্বল্পতার সমস্যা ভেবে এড়িয়ে যান।

ঝুঁকি সম্পর্কে সচেতনতার অভাব: পরিবারে ডায়াবেটিসের ইতিহাস, অতিরিক্ত ওজন বা শারীরিক পরিশ্রমের অভাব যে ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে, তা অনেকেই জানেন না।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা: অনেকেই অসুস্থ বোধ না করলে রক্তে শর্করা পরীক্ষা করান না। ফলে কোনো লক্ষণ প্রকাশ না পেলেও শরীরে ডায়াবেটিস থাকলে তা অজানা থেকে যেতে পারে।

ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ কী কী

ডায়াবেটিসের লক্ষণ ব্যক্তি ও রোগের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। তবে কিছু সাধারণ লক্ষণ আছে, যেগুলো দেখা দিলে সতর্ক হতে হবে।

অতিরিক্ত পিপাসা পাওয়া: বারবার পানি পান করার ইচ্ছা হয়। অনেক সময় পানি পান করার পরও তৃষ্ণা না মেটা ডায়াবেটিসের একটি পরিচিত লক্ষণ।

ঘন ঘন প্রস্রাব হওয়া: রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে শরীর অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বের করার চেষ্টা করে। ফলে প্রস্রাবের পরিমাণ ও বেগ বেড়ে যেতে পারে। বিশেষ করে রাতে বারবার প্রস্রাবের প্রয়োজন হতে পারে।

অস্বাভাবিক ক্লান্তি: পর্যাপ্ত বিশ্রামের পরও ক্লান্ত লাগা বা স্বাভাবিক কাজ করতে গিয়ে দুর্বলতা অনুভব করা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।

অকারণে ওজন কমে যাওয়া: খাবার খাওয়ার পরও শরীর প্রয়োজনীয় শক্তি ঠিকভাবে ব্যবহার করতে না পারলে ওজন কমতে পারে। বিশেষ করে চেষ্টা ছাড়াই ওজন কমে গেলে বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত।

চোখে ঝাপসা দেখা: রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে চোখের লেন্সে তরলের পরিবর্তন হতে পারে। এর ফলে সাময়িকভাবে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে।

ক্ষত শুকাতে দেরি হওয়া: ডায়াবেটিসের কারণে রক্তনালি ও স্নায়ুর ক্ষতি হতে পারে। এতে শরীরের স্বাভাবিক ক্ষত নিরাময় প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

বারবার সংক্রমণ হওয়া: রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে কিছু মানুষের ত্বক, মূত্রনালি বা অন্যান্য স্থানে বারবার সংক্রমণ দেখা দিতে পারে।

হাত-পায়ে ঝিনঝিন বা অবশ অনুভূতি: দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে স্নায়ুর ক্ষতি হতে পারে। এর ফলে হাত-পায়ে ঝিনঝিন, জ্বালাপোড়া বা অবশ ভাব দেখা দিতে পারে।

ত্বকের পরিবর্তনও কি ডায়াবেটিসের লক্ষণ

শরীরের কিছু নির্দিষ্ট স্থানে ত্বকের রং ও গঠনের পরিবর্তন ডায়াবেটিসের ঝুঁকির ইঙ্গিত দিতে পারে।

বিশেষ করে ঘাড়, বগল ও কুঁচকির মতো স্থানে ত্বক কালচে, পুরু ও মখমলের মতো হয়ে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে অ্যাকানথোসিস নিগ্রিকানস বলা হয়। এটি অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে সম্পর্কিত।

এ ছাড়া ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ত্বক শুষ্ক ও চুলকানিযুক্ত হতে পারে। তবে ত্বকের কালচে ভাব বা চুলকানি হলেই ডায়াবেটিস হয়েছে, এমন ভাবা ঠিক না। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ ও রক্ত পরীক্ষা করা জরুরি।

লক্ষণ না থাকলেও কি ডায়াবেটিস হতে পারে

হ্যাঁ। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে অনেকের কোনো স্পষ্ট লক্ষণ থাকে না। কেউ কেউ কয়েক বছর ধরে এই রোগে আক্রান্ত থাকলেও তা বুঝতে পারেন না।

এ কারণে শুধু শারীরিক লক্ষণের ওপর নির্ভর করে ডায়াবেটিস আছে কি না, তা নির্ধারণ করা যায় না। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্ত পরীক্ষা করা জরুরি।

ডায়াবেটিস এমন একটি রোগ, যা শুরুতে নীরবে শরীরে থাকতে পারে। তাই অসুস্থ বোধ করার অপেক্ষা না করে ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া এবং দরকার অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: ভারতভিত্তিক স্বাস্থ্যসেবা বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম মেডকার্টে ‘Why Symptoms of Diabetes are Not Detected Early’ শিরোনামে প্রকাশিত আর্টিকেলের অনুবাদ ও সম্পাদনা করেছেন সাবিহা তাবাসসুম শুচি।