ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলকিপারকে ১২ ম্যাচ নিষেধাজ্ঞা

একটি বল দখলের লড়াই। গোলপোস্ট ছেড়ে এগিয়ে আসা গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে মাঠেই লুটিয়ে পড়েন প্রতিপক্ষের এক ফুটবলার। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। স্প্যানিশ ফুটবলকে নাড়িয়ে দেওয়া সেই ঘটনার ১১ দিন পর শাস্তি পেলেন সেই গোলরক্ষক জেসুস ওওনো। টেনেরিফের ফরোয়ার্ড জেসুস দে মিগুয়েলের মৃত্যুর ঘটনায় এফসি আন্দোরার এই গোলরক্ষককে ১২ ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
শুক্রবার (১৩ নভেম্বর) ফেডারেশনের শৃঙ্খলা কমিটি এই সিদ্ধান্ত জানায়। ২৫ বছর বয়সী ওওনোর বিরুদ্ধে সংশ্লিষ্ট শৃঙ্খলাবিধির সর্বোচ্চ শাস্তিই প্রয়োগ করা হয়েছে। একই সঙ্গে তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। তবে শাস্তির মধ্যেই শেষ হচ্ছে না ঘটনার প্রভাব। গভীরভাবে মর্মাহত ইকুয়েটর গিনির এই গোলরক্ষক কবে আবার মাঠে ফিরবেন, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় বিভাগের লিগে মুখোমুখি হয়েছিল টেনেরিফে ও এফসি আন্দোরা। টেনেরিফের হেলিওদোরো রদ্রিগেজ লোপেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি তখন শেষ মুহূর্তে পৌঁছেছে। স্কোরবোর্ডে ২-২ সমতা।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রক্ষণভাগের পেছনে পাঠানো একটি বল বিপদমুক্ত করতে গোলপোস্ট ছেড়ে অনেকটা এগিয়ে যান ওওনো। একই বলের দিকে ছুটছিলেন টেনেরিফের ৩০ বছর বয়সী ফরোয়ার্ড দে মিগুয়েল।
বল দখলের সেই চেষ্টায় উঁচু করে তোলা পা দিয়ে দে মিগুয়েলকে সজোরে আঘাত করেন ওওনো। আঘাত লাগে তার বুকের অংশে। সংঘর্ষের পরপরই মাঠে অচেতন হয়ে পড়েন টেনেরিফের ফরোয়ার্ড।
পরিস্থিতির ভয়াবহতা বুঝে দ্রুত ছুটে আসেন চিকিৎসকেরা। মাঠেই জরুরি চিকিৎসা দেওয়ার পর গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় পরদিন, ৩ নভেম্বর সকালে মারা যান দে মিগুয়েল।
ঘটনার পরই ওওনোকে সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। এবার সেই লাল কার্ডের ঘটনায় আনুষ্ঠানিক শাস্তি ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
রেফারির প্রতিবেদন পর্যালোচনা করে শৃঙ্খলা কমিটি জানিয়েছে, বল দখলের লড়াই চললেও ওওনো প্রতিপক্ষের ওপর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেছিলেন। পা উঁচু করে সংঘর্ষে জড়ানোর ধরন এবং আঘাতের তীব্রতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সিদ্ধান্তে।
ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১০২ নম্বর ধারায় ওওনোর আচরণকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ ১২ ম্যাচ নিষেধাজ্ঞার বিধান রয়েছে। ঘটনার ভয়াবহতা এবং পরবর্তী মর্মান্তিক পরিণতি বিবেচনায় সেই সর্বোচ্চ শাস্তিই দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিধির ৫২ নম্বর ধারা অনুযায়ী অতিরিক্ত আর্থিক জরিমানাও কার্যকর হবে। তবে জরিমানার নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি।
মাঠে দে মিগুয়েলের গুরুতর অবস্থার কারণে ম্যাচটি আর শেষ করা সম্ভব হয়নি। দুই দলের ফুটবলাররাই মানসিকভাবে ভেঙে পড়েন। পরে উভয় দলের সম্মতিতে খেলা বন্ধ করে দেওয়া হয়।
গত ৪ নভেম্বর স্প্যানিশ ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেয়, ম্যাচের বাকি অংশ আর আয়োজন করা হবে না। মানবিক কারণ এবং নিহত ফুটবলারের প্রতি সম্মান জানিয়ে খেলা বন্ধ হওয়ার সময়কার ২-২ স্কোরলাইনই চূড়ান্ত ফল হিসেবে বহাল রাখা হয়।
এদিকে এই ঘটনা ওওনোর নিজের জীবনেও গভীর প্রভাব ফেলেছে। দে মিগুয়েলের মৃত্যুর পর ৪ নভেম্বর ক্লাবের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘এগুলো আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। কী ঘটেছে, তা মেনে নেওয়া আমার জন্য অত্যন্ত কঠিন।’
নিহত ফুটবলারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওওনো আরও বলেন, ‘জেসুসকে হারানোর বেদনা অসীম। আমি তার কথা, তার পরিবার এবং তাকে ভালোবাসতেন এমন প্রত্যেকের কথা ভাবছি।’
ঘটনার পর থেকে দলের নিয়মিত অনুশীলনেও অংশ নিচ্ছেন না ওওনো। গিনির জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচগুলো থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এফসি আন্দোরার কোচ কার্লেস মানসো জানান, ওওনো বর্তমানে পরিবার, বন্ধু ও সঙ্গীর সঙ্গে সময় কাটাচ্ছেন। ঘটনাটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
তবে গোলরক্ষক অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন বলে যে আলোচনা চলছে, সেটি সঠিক নয় বলে জানিয়েছেন মানসো। তার মতে, এমন সিদ্ধান্ত নিয়ে কথা বলার সময় এখনো আসেনি।
মানসো বলেন, ‘আমরা তাকে সময় দিচ্ছি। যখন সে উপযুক্ত মনে করবে, তখনই জানাবে আবার খেলতে ফিরবে কি না।’
কোচের ভাষ্য অনুযায়ী, ক্লাব ওওনোকে সব ধরনের সহযোগিতা করবে। তার ওপর ফুটবলে ফেরার জন্য কোনো চাপ দেওয়া হবে না। নিজের পরিস্থিতি বিবেচনায় যখন প্রস্তুত হবেন, তখনই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন তিনি।
এদিকে দে মিগুয়েলের মৃত্যুর পরিস্থিতি নিয়ে বিচারিক তত্ত্বাবধানে তদন্ত চালাচ্ছে স্পেনের জাতীয় পুলিশ। ৩ নভেম্বরই তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
তবে ফুটবল ফেডারেশনের ঘোষিত ১২ ম্যাচের নিষেধাজ্ঞা একটি ক্রীড়াগত শৃঙ্খলামূলক ব্যবস্থা, কোনো ফৌজদারি দণ্ড নয়। পুলিশের তদন্ত ও সম্ভাব্য বিচারিক প্রক্রিয়া এর থেকে আলাদা।
নিষেধাজ্ঞা ঘোষণার মধ্য দিয়ে মাঠের ঘটনার ক্রীড়াগত শাস্তির বিষয়টি স্পষ্ট হলেও মৃত্যুর বিচারিক তদন্ত এখনো আলাদা প্রক্রিয়ায় রয়েছে।

