বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ মাহদি হাসানের, পুলিশ দিল ভিন্ন তথ্য

মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় তার বাসার বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান মাহদি।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এসব অভিযোগ করেন।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটের দিকে ফেসবুকে নিজের আইডি থেকে লাইভে এসে এ অভিযোগ করেন মাহদি হাসান। লাইভ চলাকালে তাকে ‘আগুন, আগুন’ বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় তিনি বাসায় আগুন লাগার কথা জানিয়ে আতঙ্কিত অবস্থায় পরিস্থিতি তুলে ধরেন।
পরবর্তীতে তার ফেসবুক লাইভে বাসার বিদ্যুতের মিটারের একটি ক্ষতিগ্রস্ত অংশ দেখা যায়। মাহদি হাসানের দাবি, দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমার আঘাতে মিটারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পেছনে কারা জড়িত, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং এতে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ঘটনা শোনার পর আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শক করেছি। তবে সেখান পেট্রল-বোমার কোনো আলামত পাওয়া যায়নি। মাহদী হাসানের চাচা ঘরের মিটারের বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এমনটা হতে পারে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে মাহদী হাসানের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। এরপরও ঘটনাটি পেট্রোলবোমা নিক্ষেপ নাকি বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিট, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
