বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে আপাতত দেশের কোথাও বৃষ্টির আভাস নেই। আগামী ৪৮ ঘণ্টা সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রায়ও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, সব মিলিয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী দুই দিন দেশের আবহাওয়ায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
