
বাজারে এক, দুই ও পাঁচ টাকার কয়েনের (পয়সা) সংকট। পণ্য কিনে দাম মেটানোর পর বাকি টাকা ফেরত পাওয়ার কথা ক্রেতার। কিন্তু কয়েন না থাকার কথা বলে ধরিয়ে দেওয়া হয় চকলেট। ফার্মেসিতে ওষুধ কিনে খুচরা না পেয়ে নিতে হয় ভিটামিন-সি ওষুধ সিভিট। সব জায়গায় আবার চকলেট-সিভিটও মেলে না। সে ক্ষেত্রে পাওনা ফেরত না পেয়েই দোকান ছাড়তে হয় ক্রেতাদের। ছোট অঙ্কের লেনদেনে এভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।
বাংলাদেশ ব্যাংকের দাবি, প্রকৃতপক্ষে দেশে এক ও পাঁচ টাকার পয়সার সংকট নেই। ব্যাংকগুলোতে এসব পয়সার মজুত রয়েছে। বড় সমস্যা হচ্ছে সুষম বণ্টন, সরবরাহে ব্যাংকগুলোর অনীহা এবং কয়েনের প্রতি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অনাগ্রহ। তবে দুই টাকার কয়েনের কিছুটা সংকট রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা।
সরেজমিনে একাধিক ব্যাংকে দেখা গেছে, পয়সা মজুত থাকার পরও গ্রাহকদের দেওয়া হচ্ছে না। আবার কোথাও পয়সা নেই বলে গ্রাহকদের জানানো হচ্ছে।
সম্প্রতি গ্রাহক হিসেবে ডাচ-বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় গিয়ে কয়েন চান এ প্রতিবেদক। এ সময় কর্মকর্তারা দাবি করেন, তাদের কাছে কয়েন মজুত নেই। পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ব্যাংকে এক টাকার ৮০০টি, দুই টাকার ১৩ হাজার এবং পাঁচ টাকার চার হাজার ৮০০ কয়েন মজুত রয়েছে। তবে কয়েন গুনতে অনেক সময় লাগে। ফলে ব্যস্ততার কারণে অনেক ক্ষেত্রে সংশ্লিষ্টরা এটি এড়িয়ে যান।
এ বিষয়ে জানতে ডাচ-বাংলা ব্যাংকের মুখপাত্র নজরুল ইসলামকে কল দেওয়া হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। পরে ব্যাংকটির প্রধান কার্যালয়ে তার দপ্তরে যান প্রতিবেদক। এ সময় এ বিষয়ে কোনো কথা বলবেন না জানিয়ে পয়সার বিষয়ে ব্যাংকের অন্য কোনো শাখায় যোগাযোগের পরামর্শ দেন তিনি।
অন্যদিকে মতিঝিলের সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংকের করপোরেট শাখায় কয়েন চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাদের কাছে কোনো কয়েন মজুত নেই। এ বিষয়ে যোগাযোগ করা হলে মতিঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইয়্যেদা মনোয়ারা খাতুন এশিয়া পোস্টকে বলেন, ‘আমাদের কাছে এখন কোনো কয়েন মজুত নেই। কোথা থেকে দেব? বাংলাদেশ ব্যাংক যখন আমাদের দেয়, তখন আমরা গ্রাহকদের কয়েন দেই।’
বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগের একজন কর্মকর্তা এশিয়া পোস্টকে বলেন, ‘দেশে এক টাকার কয়েনের পর্যাপ্ত মজুত রয়েছে। পাঁচ টাকার কয়েনেরও সংকট নেই। তবে দুই টাকার কয়েনের কিছুটা সংকট রয়েছে।’
তিনি বলেন, ‘এক টাকার কয়েন প্রচুর আছে। পাঁচ টাকার নোট ও কয়েনও আছে। আসলে সমস্যা হচ্ছে, গ্রাহক একদিকে কয়েন নিতে চায় না, আবার দোকানদারদেরও কয়েনের প্রতি অনীহা রয়েছে। অনেক সময় দোকানদারকে এক টাকার কয়েন দিলে নিতে চান না। ফলে কয়েনগুলো মানুষের হাতে স্বাভাবিকভাবে ঘুরছে না।’

রাজধানীর মুদি দোকান, ফার্মেসি, চায়ের দোকানসহ বিভিন্ন খুচরা বিক্রির দোকানে সংকটের চিত্র বেশি দেখা গেছে। এ ক্ষেত্রে দোকানদাররা বলছেন, তাদের কাছে পর্যাপ্ত কয়েন নেই। এক-দুই বা তিন টাকা ছোট অঙ্ক মনে হলেও প্রতিদিন লাখ লাখ মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটছে।
মতিঝিলের চা বিক্রেতা নুরু মিয়া বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত খুচরা টাকা থাকে না। ক্রেতারা বড় নোট দিয়ে পণ্য কেনেন, কিন্তু বাকি টাকা ফেরত দেওয়ার মতো কয়েন বা ছোট নোট পাওয়া যায় না। ব্যাংক থেকে প্রয়োজনমতো খুচরা টাকা সংগ্রহ করাও কঠিন।’
নুরু মিয়ার দাবি, সিগারেট ও চকলেট কোম্পানির মধ্যে চুক্তি রয়েছে। সিগারেটের দাম এমনভাবে নির্ধারণ করা হয় যেন, এক বা দুই টাকা ফেরত দেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু খুচরা না থাকায় তাদের চকলেট ধরিয়ে দিতে হয়।
রাজধানীর মানিকনগরের একটি ফার্মেসির দোকানি তারেক বলেন, ‘আমাদের কাছে কয়েন থাকে না। কাস্টমারকে পাঁচ বা দুই টাকা দেব, সেটাও সব সময় থাকে না। বাধ্য হয়ে তাদের সিভিট ধরিয়ে দিতে হয়। ব্যাংকে গেলেও খুচরা টাকা দিতে চায় না। আমরা কী করব?’
মতিঝিলের এক দোকানে সিগারেট কিনতে গিয়েছিলেন হাবিব নামের এক রিকশাচালক। তিনি বলেন, ‘আমি ডার্বি সিগারেট খাই। দোকানদারকে ১০ টাকা দিলে সে দুই টাকা আর ফেরত দেয় না। আমাকে চকলেট দেয়। আমি এ বয়সে চকলেট খাব? এ নিয়ে প্রায়ই দোকানদারদের সঙ্গে কথা-কাটাকাটি হয়।’
এ ধরনের পরিস্থিতিতে ক্রেতা ও বিক্রেতা উভয়েই খুচরার সমস্যায় পড়লেও আর্থিক ক্ষতি শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে ক্রেতাদের। কারণ, নিজের পাওনা ফেরত পাওয়ার বদলে তাদের অনেক সময় এমন পণ্য নিতে হচ্ছে, যা কেনার কোনো ইচ্ছা ছিল না।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গ্রাহক ব্যাংকে গিয়ে পয়সা চাইলে ব্যাংকের তা সরবরাহ করার কথা। একইভাবে কোনো গ্রাহক পয়সা জমা দিতে গেলে নির্ধারিত নিয়মে তা গ্রহণেরও বাধ্যবাধকতা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা এশিয়া পোস্টকে বলেন, ‘আমি যদি কোনো ব্যাংকে গিয়ে ১০০ টাকার কয়েন চাই, ব্যাংক দিতে বাধ্য। আবার আমি যদি ১০০ টাকার কয়েন নিয়ে যাই, ব্যাংক সেটাও নিতে বাধ্য। এখানে গ্রাহক লুঙ্গি পরা রিকশাচালক হোক কিংবা অন্য কোনো সাধারণ মানুষ, তার সঙ্গে বৈষম্যের সুযোগ নেই।’
বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের ১৮ নভেম্বর এক নির্দেশনায় ব্যাংকগুলোকে এক, দুই ও পাঁচ টাকার পয়সা নির্বিঘ্নে বিনিময়ের নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশনা অনুযায়ী, স্থানীয় ও ফিডিং শাখায় এক ও দুই টাকার ২৪ হাজার করে এবং পাঁচ টাকার ১৫ হাজার পয়সা সংরক্ষণের কথা বলা হয়। অন্যান্য শাখা ও উপশাখার জন্যও নির্দিষ্ট পরিমাণ পয়সা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।
ব্যাংক খাত-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংকগুলো এখন ঋণ বিতরণ, আমানত সংগ্রহ ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমে বেশি গুরুত্ব দিচ্ছে। সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে যুক্ত ক্যাশ বিভাগ ও নগদ লেনদেনের সেবা অনেক ক্ষেত্রে যথেষ্ট মনোযোগ পাচ্ছে না। বড় গ্রাহকরা অগ্রাধিকার পেলেও সাধারণ গ্রাহকরা অনেক সময় প্রয়োজনীয় সেবা পান না।
বাংলাদেশে নিজস্ব পয়সা (কয়েন) উৎপাদনব্যবস্থা না থাকায় বিদেশ থেকে আমদানি করতে হয়। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, এর পেছনে খরচ অনেক। এক টাকার একটি পয়সা আনতে তিন থেকে চার টাকা পর্যন্ত ব্যয় হয়। ২০১০ সালের পর দেশে আর পয়সা আমদানি হয়নি।
দীর্ঘ সময় নতুন পয়সা না আসায় বাজারে থাকা পয়সার একটি অংশ মানুষের হাতে ছড়িয়ে পড়েছে। আবার একটি অংশ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আটকে রয়েছে। ফলে কোথাও পয়সার প্রয়োজন থাকলেও অন্য কোথাও অব্যবহৃত অবস্থায় পড়ে থাকছে।
অতীতে এক, দুই ও পাঁচ টাকার পয়সার ব্যবহার নিয়েও নানা আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছিল। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একসময় এসব পয়সার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর বাজারে এগুলো আর চলবে না, এমন গুজব ছড়িয়ে পড়ে।
এ সুযোগে একটি দালাল চক্র তখন মানুষের কাছ থেকে কয়েন সংগ্রহ করতে শুরু করে। কেউ ১০০ টাকার কয়েন নিয়ে গেলে চক্রটির সদস্যরা ৫০ টাকা দেওয়ার প্রস্তাব দিতেন। ফলে অনেকে কম দামে সেগুলো বিক্রি করে দেন। এভাবে সংগ্রহ করা কয়েন পরে ব্যাংকে জমা দেওয়ার চেষ্টা করা হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এশিয়া পোস্টকে বলেন, ‘একসময় ব্যাংকগুলোতে কয়েন জমা নেওয়া নিয়ে উল্টো অভিযোগ ছিল। তখন ব্যাংকগুলো কয়েন রাখতে চাইত না। দুই-তিন বছর আগেও দেখা গেছে, মানুষ ব্যাংকে কয়েন জমা রাখতে বস্তায় বস্তায় নিয়ে যেত। কিন্তু এখন কেন মানুষ কয়েন নিতে চাইছে না, কিংবা সংকটটা কোথা থেকে তৈরি হলো, তা বুঝতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘কোনো কয়েন সরকারিভাবে নিষিদ্ধ না হলে তা গ্রহণ করতে অস্বীকার করার সুযোগ নেই। ব্যাংকে কয়েনের মজুত থাকা সত্ত্বেও গ্রাহক চাইলে তা দিতে অস্বীকার করা যাবে না। এ ধরনের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের নজরে এলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’



