‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবি করা সেই কামাল পুলিশ হেফাজতে

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার সিডিএ টেকের একটি ভাড়া বাসা থেকে তাকে হেফাজতে নেয় কর্ণফুলী থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাসাটি ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ এশিয়া পোস্টকে বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই চলছে। তার বিরুদ্ধে অস্থিরতা ছড়ানোর নানা প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানায়, কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পরিচয়ে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন। যদিও ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির পলাতক নেতাদের সমালোচনা করে ফেসবুকে সরব হন কামাল উদ্দিন। বিদেশে অবস্থানরত নেতারা দেশে থাকা কর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানালেও বিপদের সময় তাদের খোঁজ নেন না- এমন অভিযোগ তুলে তিনি নিয়মিত পোস্ট ও ভিডিও প্রকাশ করতেন।
এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর ফেসবুকে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন তিনি। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় কমিটি গঠনের উদ্যোগ নিয়ে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বান জানান। এ ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।