
ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ইতিহাসে প্রায় দুই দশক ধরে (মূলত ২০০০-এর দশকের শুরু থেকে) একটি মৌলিক প্রশ্ন বারবার ঘুরেফিরে আসছে: কূটনীতির প্রথম পদক্ষেপটি কার নেওয়া উচিত?
ওয়াশিংটন ও তেহরান সবসময় একই দ্ব্যর্থতার মুখোমুখি হয়েছে: ইরান কি অর্থনৈতিক সুবিধা পাওয়ার আগেই নিজের পরমাণু কর্মসূচি সীমিত করবে, নাকি যুক্তরাষ্ট্র আগে চাপ কমিয়ে ইরানকে নমনীয় হতে উৎসাহিত করবে?
তবে সাম্প্রতিক সংকট ইঙ্গিত দিচ্ছে যে এই প্রশ্নটি হয়তো এখন আর সঠিক প্রশ্ন নয়; আসল চ্যালেঞ্জটি কে আগে এগোবে তা নয়, বরং দুই দেশ একই সাথে ও যুগপৎভাবে পদক্ষেপ নিতে পারে কিনা।
হরমুজ প্রণালি নিয়ে সৃষ্টি হওয়া সাম্প্রতিক বিরোধের কারণে এই প্রশ্নটি আবারও অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। তেহরান প্রস্তাব করেছে যে যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ প্রত্যাহার করে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করে এবং ভবিষ্যতে আবারও নতুন করে হামলা চালানো হবে না বলে নিশ্চয়তা দেয়, তবেই তারা বাণিজ্যিক সমুদ্রপথটি পুনরায় খুলে দেবে। ইরানের যুক্তি হলো, মার্কিন চাপ ও মুখোমুখি সংঘাতের মধ্যে দাঁড়িয়ে কোনো ধরনের কূটনৈতিক আলোচনা শুরু করা সম্ভব নয়।
অন্যদিকে ওয়াশিংটন স্পষ্ট করে জানিয়েছে যে, যেকোনো নতুন কূটনৈতিক প্রক্রিয়া শুরু করতে হলে আলোচনার একেবারে শুরু থেকেই পরমাণু বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। এই মতপার্থক্যই বর্তমান আলোচনার মূল বাধা হয়ে দাঁড়িয়েছে, যেখানে উভয় পক্ষই প্রথম পা ফেলার আগে অপর পক্ষের কাছ থেকে আস্থা তৈরির পদক্ষেপ দাবি করছে।
অবশ্য ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে, পারস্পরিক পদক্ষেপের ভিত্তিতে এই সংকটের সমাধান এর আগেও করা সম্ভব হয়েছে। ২০১৩ সালে ইরান ও P5+1 গোষ্ঠীর (জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য দেশ ও জার্মানি) মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিটি ছিল এমন এক পারস্পরিক পদক্ষেপের ওপর তৈরি, যেখানে দুই পক্ষই সীমিত ও পরিবর্তনযোগ্য ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছিল।
সেখানে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে ও আন্তর্জাতিক তদারকি বাড়াতে রাজি হয়, যার বিপরীতে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা সীমিত আকারে নিষেধাজ্ঞা শিথিল করে। এটি পরবর্তীতে ২০১৫ সালের যৌথ সার্বিক কর্মপরিকল্পনা বা JCPOA চুক্তিতে রূপ নেয়। এই চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩.৬৭ শতাংশে সীমাবদ্ধ রাখা ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) তদারকি বৃদ্ধির বিনিময়ে ইরানের ওপর থেকে মূল নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার রূপরেখা তৈরি হয়।
চুক্তিটি বাস্তবায়নে একটি ধাপে ধাপে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল; ২০১৫ সালের জুলাই মাসে চুক্তি সই, অক্টোবরে তা গ্রহণ এবং ২০১৬ সালের জানুয়ারিতে IAEA সরাসরি মাঠপর্যায়ে পরীক্ষা করে দেখার পরেই মূল বড় নিষেধাজ্ঞাগুলো সরানো হয়েছিল।
এই প্রক্রিয়ার মূল শিক্ষা হলো, স্থায়ী রাজনৈতিক নিশ্চয়তা ছাড়া শুধু ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার মডেলটি অত্যন্ত নাজুক হতে পারে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র যখন এই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে পুনরায় নিষেধাজ্ঞা জারি করে, তখন তেহরান অনুধাবন করে যে ওয়াশিংটনে রাজনৈতিক পরিবর্তনের প্রভাব থেকে সুরক্ষার কোনো গ্যারান্টি না থাকলে কেবল প্রযুক্তিগত প্রতিশ্রুতি দিয়ে কোনো সমঝোতা টিকিয়ে রাখা সম্ভব নয়।
অপরদিকে যুক্তরাষ্ট্রেরও নিজস্ব আশঙ্কা রয়েছে; তাদের নীতিনির্ধারকদের যুক্তি হলো, নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি ইরানের যাচাইযোগ্য পরমাণু প্রতিশ্রুতির সাথে সরাসরি যুক্ত থাকতে হবে, নতুবা দ্রুত অর্থনৈতিক সুবিধা দিলে দরকষাকষিতে যুক্তরাষ্ট্রের শক্তি কমে যাবে। সমালোচকরা মনে করেন, গভীর অনাস্থার কারণে দুই পক্ষের একই সাথে পদক্ষেপে নামা অবাস্তব, কারণ ইরান অর্থনৈতিক সুবিধা নিয়ে আবার সক্ষমতা বাড়িয়ে তুলতে পারে বা যুক্তরাষ্ট্র আলোচনার সুযোগ হারাতে পারে।
তবে এই অনাস্থার সমাধান পারস্পরিক পদক্ষেপের নীতি বর্জন করা নয়, বরং একটি শক্তিশালী তদারকি ও যাচাইকরণ ব্যবস্থা গড়ে তোলা, যা কেবল অন্ধ বিশ্বাসের ওপর না দাঁড়িয়ে নিরপেক্ষ পরীক্ষার ওপর নির্ভর করবে।
উদাহরণস্বরূপ, হরমুজ প্রণালি খুলে দেওয়াকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের সাথে যুক্ত করা যেতে পারে, যার প্রতিটা ধাপ কোনো তৃতীয় পক্ষ নজরদারি করবে। এ ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কাতার যোগাযোগের পথ সহজ করতে পারে এবং পরমাণু বিষয়ের কারিগরি বিষয়গুলো IAEA তদারকি করবে। নীতিটি সহজ: ইরানের প্রতিটি পদক্ষেপের বিপরীতে যুক্তরাষ্ট্রের স্পষ্ট ও নির্দিষ্ট সাড়া থাকবে এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের বিপরীতে ইরানের পরিমাপযোগ্য বাধ্যবাধকতা থাকবে। এতে কোনো দেশকেই চাপের মুখে নতিস্বীকার করছে বলে মনে হবে না এবং উভয় সরকারই নিজ দেশে রাজনৈতিক সমর্থন বজায় রাখতে পারবে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝতা স্মারক এবং কাতারসহ অন্যান্য দেশের মধ্যস্থতা এই ধরনের একটি সমন্বিত প্রক্রিয়ার পথই দেখিয়েছে। এমনকি সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো বার্তাতেও দেখা গেছে যে, ওয়াশিংটন আলোচনার ইচ্ছা প্রকাশ করলেও পরমাণু ইস্যু বজায় রাখতে চায়, আর তেহরান চাপ কমানোর শর্তে অনড় রয়েছে।
পুরো মধ্যপ্রাচ্য ইতিমধ্যেই এটা বুঝেছে যে কেবল সামরিক বা অর্থনৈতিক চাপ দিয়ে কৌশলগত অর্জন সম্ভব নয়; সামরিক উত্তেজনা, অর্থনৈতিক সংকট ও জ্বালানি খাতের অনিশ্চয়তা মুখোমুখি অবস্থানের সীমাবদ্ধতাই প্রকাশ করেছে। তাই ইরান-যুক্তরাষ্ট্র কূটনীতির ভবিষ্যৎ নির্ভর করছে কে আগে এগোবে সেই পুরোনো রাজনীতি বাদ দিয়ে দুই দেশের একসাথে ও সমান তালে পদক্ষেপে অংশ নেওয়ার ওপর।
লেখক আলী সারী ইরানের সাবেক সংসদ সদস্য।