logo

এমপির সামনেই চেয়ার নিয়ে দুই পক্ষের মারামারি

এমপির সামনেই চেয়ার নিয়ে দুই পক্ষের মারামারি
নোয়াখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের আগে চেয়ার নিয়ে দুই দলের সমর্থকদের মারামারি। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের আগে চেয়ার নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের উপস্থিততে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নদোনা মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে নদোনা মাঠে ‘হোন্ডা-ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার লাঙ্গলকোটের খোকন একাডেমি ১-০ গোলে সোনাইমুড়ীর দক্ষিণ শাকতলা এসএস তরুণ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় পরাজিত দলের কয়েকজন সমর্থক রেফারিকে শারীরিকভাবে হেনস্তা করেন। একপর্যায়ে বিজয়ী ও পরাজিত দলের সমর্থকদের মধ্যে চেয়ার নিয়ে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় মঞ্চ থেকে মাইকে বারবার দুই পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না। পরে হট্টগোলের মধ্যেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের উদ্দেশে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, জয়-পরাজয় খেলার অংশ। খেলায় জিতলে বিজয় উদ্‌যাপনের পাশাপাশি পরাজিত হলে তা মেনে নেওয়ার মতো মানসিকতা সবার মধ্যে থাকতে হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে কাজ করছে। নিজের নির্বাচনি এলাকার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খেলা শেষে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার নিয়ে মারামারি হয়েছে। তবে এতে কেউ আহত হননি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।