পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে বিএনপি নেতার ৫ লাখ টাকার মাছ নিধন

যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় লাউজনি গ্রামের হোসেন আলীর ছেলে, সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড (লাউজনি) বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের আনোয়ার হোসেন ও তার ব্যবসায়িক পার্টনার মোরশেদ আলম স্বপন দীর্ঘদিন ধরে লাউজানি গ্রামের ১.৮৬ একর আয়তনের সরকারি কালেক্টরি পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। গত বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টা থেকে সকাল সাড়ে ৫টার মধ্যবর্তী যে কোনো সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওই মাছের পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) প্রয়োগ করে। ওইদিন সকালে আনোয়ার হোসেন পুকুরে গিয়ে দেখতে পান যে, পুকুরের বেশির ভাগ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে, যার ফলে তাদের আনুমানিক পাঁচ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।