logo

রামগড়ে সীমান্তের ওপার থেকে সাবেক বিডিআর সদস্যের লাশ উদ্ধার

রামগড়ে সীমান্তের ওপার থেকে সাবেক বিডিআর সদস্যের লাশ উদ্ধার
নিহত অংথেপ্রু মারমা। ছবি: এশিয়া পোস্ট

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তের ওপারে ভারতীয় অংশ থেকে অংথেপ্রু মারমা (৬৬) নামে এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অংথেপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা ও বিডিআরের (বর্তমান বিজিবি) সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, অংথেপ্রু মারমা শুক্রবার দুপুর ২টার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায়ও তিনি বাড়ি না ফেরার কারণে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

তার ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে সন্ধান না পাওয়ার পর রাত ১০টার দিকে খবরটি স্থানীয় বিওপির বিজিবিকে জানানো হয়। পরে বিজিবিও তার খোঁজখবর নিতে শুরু করে।

থৈ অংগ্য বলেন, শনিবার ভোর থেকে পুনরায় আমরা বাবার সন্ধান শুরু করি। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আশেপাশে খুঁজতে গিয়ে নদীর ওপারে ভারতীয় অংশে ডুবন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। বাবার কপালে জখমের চিহ্ন আছে এবং তখনও রক্তক্ষরণ হচ্ছিল।

এদিকে লাশের সন্ধান পাওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে দ্রুত যায়। এর আগেই স্বজনরা নিজেরাই নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনে।

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামছুল হক জানান, শুক্রবার রাতে নিখোঁজের খবর পাওয়ার পর বিজিবির তরফ থেকে বিএসএফকে বিষয়টি অবহিত করে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তাদের সহযোগিতা চাওয়া হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, নিহত অংথেইপ্রু মারমার কপাল ও নাকের ওপর জখমের চিহ্ন আছে। কীভাবে তার মৃত্যু হলো তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। লাশ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর এবং আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্ত আইন অনুযায়ী বিজিবি এ ব্যাপারে পদক্ষেপ নেবে।