ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ব্যবস্থা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলটি। তবে বিজয়ের মাসে কোনো ধরনের অস্থিরতা বরদাশত করবে না বিএনপি। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুসংহত করতে সংসদের ভেতরে ও বাইরের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিচ্ছে দলটি। এ বিষয়ে ইতোমধ্যে গোয়েন্দা সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ লক্ষ্যে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে বৈঠকের চিন্তাভাবনা করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি মনে করে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগকে চাঙা রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির কৌশল। ওই সময়ে তবে যেকোনো নাশকতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে দলটি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে মাঠে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে সাংগঠনিক সম্পাদকদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী শক্তির যেকোনো অপতৎপরতা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করবে দলটি।
সরকারও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। নাশকতা প্রতিরোধে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো অস্থিতিশীলতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এশিয়া পোস্টকে বলেন, ‘দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা। তারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাই নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ থাকবে। বিশেষ করে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অঙ্গসহযোগী সংগঠনগুলো রাজপথে সক্রিয় থাকবে। নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না। কারণ রাজপথ বা আন্দোলনের মাঠ কাউকে ইজারা দেওয়া হয়নি যে, পতিত সরকারের নেতাকর্মীরা ভিন্ন লেবাসে একের পর এক উসকানি দেবে আর আমরা চুপ করে বসে থাকব।’
‘দল হিসেবে আমরা পতিত ফ্যাসিস্ট শক্তির সন্ত্রাসী কার্যকলাপের তথ্য দেশবাসীর সামনে তুলে ধরছি। তাদের অন্যায় তৎপরতার বিরুদ্ধে আমরা প্রত্যেকে সতর্ক আছি, যাতে কেউ কোনো নাশকতার পরিকল্পনা করতে না পারে’— যোগ করেন তিনি।
হাসিনার ফেরার ঘোষণা স্টান্টবাজি
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার আলোচনা চলছে।
এমন পরিস্থিতিতে চলতি বছরের আগস্টে ভারতে বসেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন শেখ হাসিনা। এজন্য নতুন পাসপোর্টের আবেদন করার খবরও এসেছে। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে এবং দেশে ফিরতে চাইলে ভারত থেকে প্রত্যর্পণের আবেদন করার কথা জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আগে গত সোমবার বিএনপির সংসদীয় দলের সভায় বিষয়টি আলোচনায় আসে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সংসদীয় দলের সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার—আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ হিসেবেই দেখছে বিএনপি। দলটির নেতারা মনে করেন, মৃত্যুদণ্ড মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন না। বরং এ ঘোষণার মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠ গরম ও দলকে চাঙ্গা রাখার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে নাশকতা মোকাবিলায় অন্য রাজনৈতিক দলগুলোকেও সঙ্গে নিতে চায় বিএনপি।
ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি চূড়ান্তের প্রস্তুতি
সম্প্রতি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে গত মঙ্গলবার দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগরের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকে মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়।
আলোচনা সভা, পাড়া-মহল্লায় আন্দোলন, শোভাযাত্রা, সমাবেশসহ নানা কর্মসূচি আসতে পারে। শিগগির তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আপনারা কীসের ডিসেম্বর ডিসেম্বর করছেন। পলাতক, খুনি, গণহত্যাকারী, ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার দোসরদের যারা সাজাপ্রাপ্ত হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে; তাদের সবাইকে ফেরত পেতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পার্শ্ববর্তী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন জানিয়েছি। সেই জায়গায় ডিসেম্বর কেন? এখানে ডিসেম্বর ডিসেম্বর বলে একটা হাইপ তোলার চেষ্টা করছে। এর মাধ্যমে তাদের পলাতক নেতাকর্মীদের একটা বুস্টআপ করার চেষ্টা করছে। সেটা কখনও সাকসেসফুল হবে না।
মন্ত্রী বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরে আমাদের সমস্ত কর্মসূচি থাকবে। কোনো পলাতক আসামি যদি ডিসেম্বর-জানুয়ারি এ সমস্ত বলতে থাকে, সেটা তাকে জিজ্ঞাসা করেন। আমরা চাই, ফ্যাসিবাদী যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি, ফ্যাসিবাদী-পতিত মাফিয়া শক্তি যেখানেই থাকুক, যেখানেই আশ্রয় নিক, তারা যেন শিগগিরই প্রত্যাবর্তন করে। তাদের আমরা আইনের আওতায় নেব। তারাও যেন সুবিচার পায়, সেটা আমরা নিশ্চিত করব।’
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ব্যবস্থা
বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি আওয়ামী লীগের পলাতক নেতাদের পুনর্বাসন বা আর্থিক সুবিধা নিয়ে আশ্রয় দেওয়ার চেষ্টা করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি। এ ক্ষেত্রে দল থেকে আজীবন বহিষ্কারসহ আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। দলটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলাপে এমন অবস্থানের কথা জানা গেছে।
দেশে অস্থিতিশীলতা তৈরির যে কোনো অপচেষ্টা মোকাবিলায় পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সজাগ ও সংগঠিত থাকার নির্দেশ দিয়েছে বিএনপি। তবে ঝটিকা মিছিল বা নাশকতার চেষ্টা হলে আইন হাতে তুলে না নিয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের স্থিতিশীলতার স্বার্থে রাজনৈতিক মিত্রদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।
ঢাকার শাহজাহানপুরে সম্প্রতি এক কর্মিসভায় এ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে বা অর্থের বিনিময়ে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন বা তাদের পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের কাউকেই ক্ষমা করা হবে না। এমনকি দলের কোনো নেতার নিকটাত্মীয়ও যদি এই অপরাধে জড়ান, তার বিরুদ্ধেও তাৎক্ষণিক সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এশিয়া পোস্টকে বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন দল এখন রাষ্ট্র পরিচালনায়। তাই আমরা আক্রমণকারী হব না। তবে আক্রমণ করা হলে রাজপথে ছাড় দেবে না বিএনপি। কারণ পরাজিত ও পলাতক স্বৈরাচারী শক্তি গণতান্ত্রিক অগ্রযাত্রা ঠেকানোর অপচেষ্টা চালাচ্ছে। এরা দেশের স্থিতিশীলতা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। তাই এ ধরনের গোপন বা পতিত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে জাতীয়তাবাদী শক্তি ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প দেখছে না বিএনপি।’
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য এশিয়া পোস্টকে বলেন, ‘সরকারের অংশ হলেও সরকারের বাইরে রাজপথে লড়াই-সংগ্রামের করার অভিজ্ঞতা বিএনপির কম নয়। কাজেই বিএনপি যদি শুধু দলীয় রাজনীতিটা পুরোপুরি চাঙা রাখতে পারে, তাহলে নৈরাজ্য দমনে সরকারকে খুব একটা বেগ পেতে হবে বলে মনে করছি না। তারপরও পতিত সরকারকে দেশ ছাড়তে যেভাবে দলমত-নির্বিশেষে মানুষ রাজপথে নেমে এসেছিল, তেমনিভাবে তাদের অনুসারীরা অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করলে সর্বস্তরের মানুষ দেশের স্বার্থে প্রতিরোধ গড়ে তুলবে।’
তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডিসেম্বরকেন্দ্রিক এই অস্থিতিশীলতার পরিকল্পনা নস্যাৎ করতে বিএনপির পাশাপাশি সরকারও বহুমাত্রিক প্রতিরোধ ব্যবস্থার প্রস্তুতি নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে একটি হালনাগাদ তালিকা তৈরি করছে। এতে এমন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে, যারা ছদ্মনামে বা গোপনে নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিদেশে তহবিল পাঠাচ্ছেন কিংবা বিদেশ থেকে আসা অর্থ দেশের ভেতরে বিভিন্ন নাশকতামূলক গ্রুপের কাছে পৌঁছে দিচ্ছেন, এমন ব্যক্তিরাও রয়েছেন তালিকায়।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী কিছু আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও ব্যবসায়ীর বিরুদ্ধে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে প্রচ্ছন্ন সহযোগিতার অভিযোগ রয়েছে। তাদের বিষয়ে খতিয়ে দেখছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ।




