যুক্তরাজ্যে অনলাইনে কিশোরীদের যৌন নির্যাতন, ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

অনলাইনে কিশোরীদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে যৌন নির্যাতন, ব্ল্যাকমেল ও ভয়ভীতি প্রদর্শনের দায়ে ২৭ বছর বয়সি ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজিকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। ১০ থেকে ১৭ বছর বয়সি কিশোরীদের লক্ষ্যবস্তু বানিয়ে অনলাইনে যৌন নির্যাতনের একাধিক অপরাধের দায় স্বীকার করার পর শুক্রবার চেস্টার ক্রাউন কোর্টে তার সাজা ঘোষণা করা হয়।
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মে নিজেকে কিশোর পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে যোগাযোগ করতেন কাজি। এভাবে ১০ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলে তাদের যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও পাঠাতে বাধ্য করতেন তিনি।
যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) বিশেষ কৌঁসুলি মার্টিন ম্যাকরব বলেন, বিপুলসংখ্যক তরুণী ও অসহায় কিশোরীকে ফাঁদে ফেলে নিয়ন্ত্রণ এবং শোষণের ক্ষেত্রে চরম নির্মমতার পরিচয় দিয়েছেন কাজি। যারা তার পরবর্তী দাবিতে রাজি হতো না, তাদের আগে পাঠানো ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতেন তিনি।
ম্যাকরব আরও বলেন, কাজি নিজেকে কিশোর হিসেবে পরিচয় দেওয়ায় অনেক ভুক্তভোগী মনে করত, তার সঙ্গে তাদের প্রকৃত প্রেমের সম্পর্ক রয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পারার পর তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অনেকেই গুরুতর ও দীর্ঘস্থায়ী মানসিক আঘাতের শিকার হয়েছে।
সিপিএস জানায়, সংগঠিত শিশু যৌন নির্যাতনবিষয়ক ইউনিট আদালতে চেশায়ার ও ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের তদন্তে সংগৃহীত বিপুল প্রমাণ উপস্থাপন করেছে। চেশায়ার পুলিশের অনলাইন শিশু নির্যাতন তদন্ত দলের গোয়েন্দা কনস্টেবল জর্জিয়া হিউজ বলেন, অপরাধের ব্যাপকতার কারণে এটি ছিল অত্যন্ত বড় একটি তদন্ত। এ জন্য পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে বিপুল জনবল ও সম্পদ কাজে লাগাতে হয়েছে।
তিনি বলেন, কাজির শিকার হওয়া মেয়েদের অনেকের জন্যই তার সঙ্গে যোগাযোগ ছিল প্রেমের সম্পর্কের প্রথম অভিজ্ঞতা। সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে কাজি তার অনৈতিক আচরণকে স্বাভাবিক বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। তার অপরাধের কারণে ভুক্তভোগীদের অনেকেই দীর্ঘদিন আতঙ্কের মধ্যে কাটিয়েছে। এমনকি কেউ কেউ বছরের পর বছর সেই মানসিক চাপ বয়ে বেড়িয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম ভুক্তভোগী ১৩ বছর বয়সে স্ন্যাপচ্যাটে কাজির সঙ্গে যোগাযোগ শুরু করেন। তিনি বিশ্বাস করতেন, কাজির বয়সও তার সমান। কিন্তু অল্প সময়ের মধ্যেই কথোপকথন যৌন বিষয়ে গড়ায়। কাজি তাকে বিভিন্ন অনুপযুক্ত প্রশ্ন করতে শুরু করেন এবং একপর্যায়ে যৌন উত্তেজক ছবি ও ভিডিও পাঠানোর জন্য চাপ দেন।
২০২১ সালের জুলাইয়ে ওই কিশোরী কাজিকে জানান, তিনি শুধু বন্ধু হিসেবে থাকতে চান এবং আর কোনো ছবি পাঠাবেন না। এতে ক্ষুব্ধ হয়ে কাজি তাকে অপমান করেন এবং নিজের সম্পত্তি বলে দাবি করেন। পাশাপাশি আগে পাঠানো ছবি ও ভিডিও তার বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ভয়ে ওই কিশোরী তাকে আরও ছবি ও ভিডিও পাঠাতে বাধ্য হন।
এর কিছুদিন পর ভুক্তভোগীর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট হ্যাক করা হয় এবং কাজির কাছে পাঠানো ছবি ও ভিডিও তার বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে ২০২১ সালের নভেম্বরে তিনি ডার্বিশায়ার পুলিশের কাছে অভিযোগ করেন।
তদন্তে কাজির সর্বশেষ পরিচিত ঠিকানা চেস্টারে পাওয়া গেলে মামলাটি চেশায়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ জানতে পারে, তিনি যুক্তরাজ্য ছেড়ে চলে গেছেন। তবে ২০২৩ সালের জুলাইয়ে দেশে ফেরার সময় হিথ্রো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রথম ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
চেশায়ার পুলিশের তদন্তে কাজির সঙ্গে সংশ্লিষ্ট ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীকে শনাক্ত করা হয়। তার বিভিন্ন ডিজিটাল ডিভাইস থেকে উদ্ধার করা ব্যবহারকারীর নাম ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তাদের পরিচয় শনাক্তের কাজ চালানো হয়। এতে যুক্তরাজ্যের ৪৫টি পুলিশ বাহিনীর মধ্যে ২৮টির আওতাধীন এলাকায় ৭০ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। অপরাধ সংঘটিত হওয়ার সময় তাদের বয়স ছিল ১১ থেকে ১৭ বছরের মধ্যে।
চেশায়ার পুলিশের গোয়েন্দা সার্জেন্ট রস পিল বলেন, অনলাইনে শিশুদের যৌন শোষণ বন্ধ এবং অসহায় শিশুদের সুরক্ষায় পুলিশের অঙ্গীকারের প্রতিফলন এই মামলা। একই সঙ্গে যারা মনে করেন, ইন্টারনেটের আড়ালে থেকে পরিচয় গোপন করে অপরাধ করলেও তাদের শনাক্ত করা সম্ভব নয়, এই রায় তাদের জন্য সতর্কবার্তা।

