logo

চাঁদা না পেয়ে টানা দুই দিন ককটেল বিস্ফোরণের পর ফার্মেসিতে গুলি

চাঁদা না পেয়ে টানা দুই দিন ককটেল বিস্ফোরণের পর ফার্মেসিতে গুলি
গুলির আঘাতে অনুরাগ ফার্মেসির কাচ ভেঙে পড়েছে। রাজধানীর মোহাম্মদপুরে। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রনের মালিকানাধীন অনুরাগ ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এর আগে তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে টানা দুই দিন ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফার্মেসির কাচ ভেঙে গেছে।

ফার্মেসির মালিক সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন জানান, গত ৬ নভেম্বর শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে টানা দুই দিন ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে ফার্মেসি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে জানান তিনি।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হেলমেট ও পাঞ্জাবি পরা এক যুবক কোমর থেকে পিস্তল বের করে ফার্মেসি লক্ষ্য করে গুলি ছুড়ছেন। পরে ঘটনাস্থল ছাড়ার সময় তার হাতে একটি ধারালো চাপাতিও দেখা যায়। এ সময় আশপাশে লোকজনের উপস্থিতি থাকলেও ভয়ে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফ বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি চালিয়ে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।