জামালপুরে নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় নাজির হোসেন লাজু নামে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পূর্ব সুখনগড়ী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজির হোসেন লাজু ওই এলাকার মৃত তোতা মুসুল্লির ছেলে। তিনি বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, নাজির হোসেন লাজু কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একজন সক্রিয় নেতা। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। ওই মামলার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, নাশকতার অভিযোগে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।