logo

আশুলিয়ায় নিরাপত্তা শঙ্কায় ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আশুলিয়ায় নিরাপত্তা শঙ্কায় ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
কারখানার মূল ফটকে এসে নোটিশ দেখে শান্তভাবেই ফিরে যাচ্ছেন শ্রমিকেরা। ছবি: এশিয়া পোস্ট

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে চলমান অসন্তোষের জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের নিরাপত্তা শঙ্কায় অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। তবে ব্যাপক সংখ্যক কারখানা বন্ধ ও ছুটি থাকলেও শনিবার শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকেই আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জামগড়া, জিরাবো ও পুকুরপাড় এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের চিরচেনা ব্যস্ততা ও শ্রমিকদের পদচারণা।

সকাল থেকেই বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে ঝুলছে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারার নোটিশ। অনেক শ্রমিক কাজের উদ্দেশ্যে কারখানার মূল ফটকে এসে নোটিশ দেখে শান্তভাবেই ফিরে গেছেন। তবে কিছু কিছু স্থানে ও মোড়ে শ্রমিকদের ছোট ছোট দলে জটলা পাকানোর চেষ্টা করতে দেখা গেলেও যৌথবাহিনী ও শিল্প পুলিশের তৎপরতায় কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারেনি।

এর আগে গতকাল রাত থেকেই বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা (‘কাজ নেই, মজুরি নেই’ নীতি) অনুযায়ী শনিবার সকাল থেকে বন্ধ ঘোষিত কারখানাগুলোর প্রধান ফটকে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, নিশ্চিন্তপুর ও পুকুরপাড় এলাকার পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধি, হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। মালিকপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানানো হলেও অসন্তোষ পুরোপুরি কাটেনি। এর পরিপ্রেক্ষিতে জানমাল ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষ কারখানা বন্ধের এই সিদ্ধান্ত নেয়। শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে ১৩ (১) ধারায় বন্ধের নোটিশ দেখে বাসায় ফিরে যান। কিছু স্থানে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেসব কারখানা খোলা রাখা হয়েছে, সেগুলোতে স্বাভাবিক নিয়মেই উৎপাদন কার্যক্রম চলছে।

বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড, ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেডসহ ৪০টি প্রতিষ্ঠান।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ মোড় ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও যৌথবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নিরাপত্তা শঙ্কায় ৪০টি কারখানা বন্ধ রাখা হয়েছে ও বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে পুরো এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।