সানাইয়ের সুর আর বিষাদের গল্পে তানজিল মিসবাহ’র ‘কন্যা’

ভালোবাসার মানুষটির বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ, সানাইয়ের সুর। অথচ সেই আনন্দের আড়ালেই লুকিয়ে আছে এক প্রেমিকের নিঃশব্দ কান্না। চোখের সামনে প্রিয়তমার অন্য কারও সঙ্গে ঘর বাঁধার দৃশ্য দেখা ছাড়া তার যেন আর কিছুই করার নেই। এমনই এক বেদনাবিধুর গল্প নিয়ে প্রকাশিত হয়েছে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’।
গানটির কথা লিখে সুর ও কণ্ঠ দিয়েছেন তানজিল মিসবাহ নিজেই। সংগীতায়োজন করেছেন শোভন রায়। প্রেম, বিচ্ছেদ ও প্রিয়জনকে হারানোর অসহায়ত্বকে কেন্দ্র করে গানটির কথায় ফুটে উঠেছে এক প্রেমিকের অন্তর্গত হাহাকার।
গানটির আবেগ ও গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে এর মিউজিক ভিডিও। ভিডিওটি পরিচালনা করেছেন হাসান রনি। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। এতে অভিনয় করেছেন সোয়েব আক্তার শান্ত ও সুমাইয়া আক্তার।
গানটি প্রসঙ্গে তানজিল মিসবাহ বলেন, ‘গান তৈরির ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি একটি নির্দিষ্ট অনুভূতি বা গল্পকে সুরের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। ‘কন্যা’ গানটির ক্ষেত্রেও সেই ভাবনা কাজ করেছে। গানটির কথা ও সুর তৈরির সময় থেকেই একটি দৃশ্যপট আমার কল্পনায় ছিল। পরবর্তী সময়ে মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে সেই ভাবনাটি পূর্ণতা পেয়েছে। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার থেকে তাদের ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে একযোগে শুনতে পাওয়া যাচ্ছে ‘কন্যা’ গানটি।