logo
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব

আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়

আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়
শেখ হাসিনা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর

শেখ হাসিনাকে আশ্রয় দিতে আফ্রিকার কোনো দেশও রাজি হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে নাজমুল হক লিখেছেন, ‘যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ, কাতার- এমনকি আফ্রিকার কোনো দেশও গণহত্যাকারীকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না।

দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর ইস্যু হয়ে উঠছে জানিয়ে তিনি লেখেন, ‘এটি এখন আর গোপন কোনো বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে- গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন কেন আশ্রয় দিয়ে রেখেছে?’

বিবিসি বাংলার এক প্রতিবেদনের বরাত দিয়ে পোস্টে বলা হয়, ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতো শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া। এ নিয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও সেই চেষ্টা সফল হয়নি। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে ভারত।

কে এম নাজমুল হকের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস
কে এম নাজমুল হকের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস

হাসিনার সামনে একের পর এক পথ বন্ধ হয়ে আসছে জানিয়ে তিনি লেখেন, সর্বশেষ চেষ্টা হিসেবে এখন সেই তৃণমূলের নেতাকর্মীদের রক্তের ওপর ভর করেই বাংলাদেশে ফিরতে চায় গণ-হত্যাকারী পলাতক শেখ পরিবার! অথচ ক্ষমতা ছেড়ে পালানোর সময় এই নেতাকর্মীদের মৃত্যুর মুখে ফেলে রেখে নিজের পরিবারের সদস্যদের আগেভাগে দেশের বাইরে পাঠিয়ে নিজেও পালিয়েছে। আর দেশত্যাগের পর হাসিনাপুত্রের বক্তব্য ছিল, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই’- এমনই দায়িত্বহীন অবস্থান।

তার দাবি, যে পরিবার ক্ষমতায় থাকতে নেতাকর্মীদের ব্যবহার করেছে, বিপদের সময় তাদের ফেলে পালিয়েছে, সেই পরিবার এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় আবারও তৃণমূলের নেতাকর্মীদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এখনো দলীয় আনুগত্য থেকে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, যারা এখনো ধর্মের মতো মনে করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, একবার চিন্তা করুন। নিজের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন।