logo

শখের কমলা বাগানে বাম্পার ফলন, মহব্বতের খামারে দর্শনার্থীদের ভিড়

শখের কমলা বাগানে বাম্পার ফলন, মহব্বতের খামারে দর্শনার্থীদের ভিড়
ছবি: এশিয়া পোস্ট

শখ থেকে শুরু হওয়া বাগান আজ বাণিজ্যিকভাবে সফলতার মুখ দেখছে। মাত্র ১০০টি চারা রোপণের সাড়ে তিন বছর পর মহব্বত হোসেনের বাগানের পাকা কমলার মিষ্টি স্বাদে মুগ্ধ হচ্ছেন ক্রেতারা। বাগান থেকে সরাসরি ফল বিক্রির এই অভিনব উদ্যোগ এবং ক্রেতাদের উপচে পড়া ভিড় গ্রামীণ অর্থনীতিতে যোগ করেছে নতুন মাত্রা।

গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পশ্চিম শুকতাইল গ্রামের ‘ড্রিম এগ্রো ফার্ম’। জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অপেক্ষাকৃত উঁচু এলাকায় ৭৫ শতাংশ জমিতে গড়ে উঠেছে বাগানটি। ২০২২ সালে ঝিনাইদহ থেকে দার্জিলিং জাতের ১০০টি কমলার চারা সংগ্রহ করে চাষাবাদ শুরু করেন মহব্বত হোসেন। দীর্ঘদিনের পরিচর্যার পর চলতি বছর গাছগুলোতে এসেছে আশানুরূপ ফলন।

বাগানে প্রবেশ করতেই চোখে পড়ে গাছের ডালে ডালে ঝুলে থাকা বড় বড় কমলা। আকারভেদে চার থেকে পাঁচটি কমলায় হচ্ছে এক কেজি। কমলার আকর্ষণীয় আকার ও মিষ্টি স্বাদে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগানের খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন কমলা দেখতে ও কিনতে। কেউ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসছেন, আবার কেউ নিজ হাতে গাছ থেকে ফল পেড়ে খাওয়ার অভিজ্ঞতা নিতে আসছেন। বাগান দেখে অনেকেই নিজের জমিতে এমন চাষাবাদ করার আগ্রহ প্রকাশ করছেন। ইতোমধ্যে দার্জিলিং জাতের চারা সংগ্রহের জন্যও যোগাযোগ করছেন অনেকে।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

মহব্বত হোসেন জানান, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত বাগান গড়ে তুলতে তার মোট খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। চলতি মৌসুমে ২৫ থেকে ৩০ মণ কমলা উৎপাদন ও বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। প্রতি কেজি কমলা বিক্রি করছেন ৪০০ টাকা দরে। বাগানে জৈব সার ছাড়া অন্য কোনো সার ব্যবহার করেন না বলেও জানান তিনি। ফলন ভালো হওয়ায় আগামী বছর বাগানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

একজন ক্রেতাকে সর্বোচ্চ দুই কেজি কমলা দেওয়ার বিষয়ে মহব্বত হোসেন বলেন, আমি চাই বাগানের কমলার স্বাদ যেন শুধু অল্প কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এলাকার বেশি মানুষ যাতে এই কমলা কিনতে ও খেতে পারে সেই চিন্তা থেকেই একজন ক্রেতার জন্য দুই কেজির সীমা নির্ধারণ করেছি।

পাশের ইউনিয়ন থেকে পরিবার নিয়ে বাগানে এসেছেন ক্রেতা হুজাইফা। তিনি বলেন, ফেসবুকে বাগানটির কথা জানতে পেরে পরিবার নিয়ে এখানে এসেছি। নিজ হাতে গাছ থেকে কমলা পেরে খাওয়া এবং তাজা ফলের স্বাদ নেওয়া আমাদের জন্য সত্যিই এক নতুন অভিজ্ঞতা।

গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষক সুমন আহমেদ বলেন, বাগানটির কথা জেনে সরাসরি এখানে এসে কমলা কিনেছি। গাছ থেকে পেড়ে খাওয়া কমলার স্বাদ সত্যিই অসাধারণ। বাসার জন্য আরও বেশি কমলা নিতে চেয়েছিলাম, তবে মালিক সর্বোচ্চ দুই কেজি দেওয়ার কথা জানিয়েছেন। কিছুটা মন খারাপ হলেও সবাই যেন এই কমলার স্বাদ নিতে পারেন, মালিকের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

গোপালগঞ্জ খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, জেলার তরুণ ও শিক্ষিত কৃষি উদ্যোক্তাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে। জালালাবাদ ইউনিয়নের মহব্বত হোসেনের কমলা ও মাল্টার বাগানটি পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। বাগানে চমৎকার ফলন হয়েছে এবং এটি দেখে অনেকেই এ ধরনের চাষে আগ্রহী হচ্ছেন। নতুন উদ্যোক্তাদের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রস্তুত রয়েছে।

শখ থেকে শুরু হওয়া মহব্বত হোসেনের এই উদ্যোগ এখন স্থানীয়ভাবে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দার্জিলিং জাতের কমলার এমন ফলন গোপালগঞ্জে নতুন কৃষি সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতা, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সঠিক বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে এ অঞ্চলে কমলা ও মাল্টা চাষের আরও বিস্তার ঘটতে পারে। এতে নতুন কৃষি উদ্যোক্তা তৈরির পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও তৈরি হতে পারে নতুন সম্ভাবনা।